মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কবলে পড়ে ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরতে পারছিলেন না ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। অবশেষে আইসিসির বিশেষ চার্টার্ড প্লেনে করে চলতি সপ্তাহান্তেই তাদের ভারত ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।
ইএসপিএন-ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ভারতের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড দল শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা হবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতা থেকে আরেকটি চার্টার্ড ফ্লাইটে ভারত ত্যাগ করবে।
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল প্রথমে জোহানেসবার্গে যাবে এবং সেখান থেকে অ্যান্টিগার উদ্দেশে রওনা হবে। যদিও তাদের প্রস্থানের সঠিক সময় এখনো নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তারা রোববার রওনা হবে। দক্ষিণ আফ্রিকা দলের একটি অংশ (যার মধ্যে রয়েছেন কেশব মহারাজ, জেসন স্মিথ, জর্জ লিন্ডে এবং টিম ম্যানেজমেন্ট) রোববার সরাসরি নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে ১৫ মার্চ থেকে একটি সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা দল কলকাতাতেই অবস্থান করছে। অন্যদিকে, গত ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলও কলকাতায় আটকা পড়ে আছে।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি শনিবার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘এক্স’-এ (সাবেক টুইটার) ‘ষষ্ঠ দিন’ লিখে একটি পোস্ট করেছেন। এর মাধ্যমে তিনি টুর্নামেন্ট শেষ হওয়ার পর কলকাতায় ৬ দিন ধরে আটকে থাকার দিকে ইঙ্গিত করেছেন।
শুধু এই তিন দেশই নয়, জিম্বাবুয়ে দলও ১ মার্চ তাদের শেষ ম্যাচ খেলে ভারত ছাড়তে সমস্যায় পড়েছিল। তবে ৪ মার্চ তাদের দলের কিছু সদস্য দেশ ত্যাগ করতে সক্ষম হন। উল্লেখ্য যে, গত ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে রবিবার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচটি শেষ হওয়ার পরই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
ডিসি/আপ্র/ ৭/৩/২০২৬