গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ মার্চ ২০২৬

মেনু

ঢাকায় পদযাত্রা ও আটক, নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাষণ প্রচার

৭ মার্চ ঘিরে ভিন্ন বাস্তবতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১৩ এএম ২০২৬
৭ মার্চ ঘিরে ভিন্ন বাস্তবতা
ছবি

ছবি সংগৃহীত

ঐতিহাসিক ৭ মার্চ এবার এসেছে ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায়। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা এবং ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। একই দিনে নওগাঁয় আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয় থেকে এক ঘণ্টা ধরে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের ঘটনাও ঘটেছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই বিচ্ছিন্ন এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মগবাজারে ৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা: রাজধানীর মগবাজার এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে নিয়ে ৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা করেছেন চার তরুণ-তরুণী।

শনিবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে মগবাজার চার রাস্তার মোড় থেকে তারা পদযাত্রা শুরু করেন। সেখান থেকে এফডিসি গেট হয়ে হাতিরঝিল এলাকা প্রদক্ষিণ করেন তারা। পদযাত্রায় অংশ নেওয়াদের মধ্যে অভিনেত্রী মিষ্টি শুভাষ ও ইকবাল হোসেনসহ চারজন ছিলেন। তারা একটি সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজাতে বাজাতে পথচলা অব্যাহত রাখেন। মিষ্টি শুভাষ বলেন, ছোটবেলা থেকেই ৭ মার্চের দিন মাইকে বঙ্গবন্ধুর ভাষণ শোনার অভ্যাস ছিল। কিন্তু গত প্রায় দেড় বছর ধরে সেই পরিবেশ আর নেই।
তিনি বলেন, এই দিনটিতে বাসা থেকে বের হলেই চারদিকে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ভাষণ শোনা যেত। এখন আর তা শুনতে পাই না। তাই আমরা কয়েকজন সাউন্ডবক্স নিয়ে রাস্তায় নেমে ভাষণটি বাজিয়েছি। পদযাত্রায় কোনো বাধার মুখে পড়েছেন কি না-এ প্রশ্নের জবাবে তিনি জানান, অনেকেই তাকিয়ে দেখছিলেন। একজন সতর্ক করে দ্রুত চলে যেতে বলেছিলেন, তবে তারা কোনো বাধার সম্মুখীন হননি।

চানখারপুলে ভাষণ বাজানোয় দুজন আটক: একই দিনে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় ঢাকার চানখারপুল মোড় থেকে দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আসিফ আহমেদ নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। তাকে আটক করার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে একটি সাউন্ডবক্স জব্দ করে তার অপারেটরকেও আটক করে পুলিশ। চানখারপুল মোড়ের এক দোকানি জানান, বিকেল ৩টার দিকে দুজন ব্যক্তি এসে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে শুরু করেন। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটির যেকোনো ধরনের কার্যক্রমও নিষিদ্ধ।

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেফতার চারজন: ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে যাওয়ার সময় চারজনকে আটক করে আদালতে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে ৩০ থেকে ৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে অগ্রসর হয়। সেখানে পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক জানান, গ্রেফতার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে ঘণ্টাব্যাপী ভাষণ প্রচার: এদিকে নওগাঁয় নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত কার্যালয় থেকে ভাষণটি প্রচারিত হয়। পরে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ভাষণ প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। দলটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট হ্যান্ডমাইক থেকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে। তবে কে বা কারা মাইকটি স্থাপন করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অজ্ঞাত ব্যক্তিরা মাইকটি খুলে নিয়ে যান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ভিন্ন বাস্তবতায় এলো ঐতিহাসিক দিন: একাত্তরের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ঘোষণায় স্বাধীনতার বার্তা ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই দিনটি এবার এসেছে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়।

আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে জাতীয় দিবস হিসেবে জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি পাল্টে যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দলটি ইতিহাসে সবচেয়ে কোণঠাসা অবস্থায় পড়ে। এরপর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিল করা হয় এবং গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমানে দলটির অধিকাংশ নেতাকর্মী পলাতক কিংবা কারাগারে থাকায় দলীয় কার্যক্রম মূলত সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ রয়েছে।
সানা/আপ্র/৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব’
০৭ মার্চ ২০২৬

‘যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব’

যমুনায় আলেম-ওলামা এবং এতিমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

যুদ্ধ আতঙ্কে তেলের জন্য হাহাকার
০৭ মার্চ ২০২৬

যুদ্ধ আতঙ্কে তেলের জন্য হাহাকার

ভিড়ে ফুরিয়ে যাচ্ছে মজুত, ডিপো থেকে সরবরাহ বন্ধের অভিযোগ মালিকদের; সরকার বলছে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ মার্চ ২০২৬

ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শনিবার) ছুটির দিনেও অফিস করলেন বিএনপি চেয়ারম্যান...

যে কারণে আকস্মিক হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ মার্চ ২০২৬

যে কারণে আকস্মিক হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালগুলোতে কর্তব্যরত ডাক্তাররা নির্ধারিত অফিস সময়ে উপস্থিত থাকছেন কিনা তা পর্যবেক্ষণের জন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই