গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৬ এএম ২০২৬
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের
ছবি

রোববার রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ জানিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বেনজীর আহমেদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের চেষ্টা চলছে এবং ওই আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে।

তিনি বলেন, “আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে পারব। বাংলাদেশ থেকে নিয়োগ করা আইনজীবী প্রতিষ্ঠান এ বিষয়ে কাজ করছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হবে।

তিনি বলেন, “ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলাপ-আলোচনা চলছে।”

অন্যদিকে রাজধানীর একটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ যেসব তথ্য চেয়েছে, সেগুলো স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, “আমরা আশা করছি, খুব শিগগিরই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে।”

জামিনের তথ্য নেই এনসিবি ও দুদকের কাছে: বাংলাদেশ সরকারের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া বেনজীর আহমেদ গত ৩০ জুলাই শর্তসাপেক্ষে কারামুক্ত হন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। জানা গেছে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনের শর্ত অনুযায়ী, বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

বেনজীর আহমেদ -ফাইল ছবি

তবে তার জামিন ও মুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি পুলিশ সদরদপ্তরের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

পুলিশ সদরদপ্তরের এআইজি এ এইচ এম শাহদাত হোসাইন জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বেনজীরের মুক্তির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, বেনজীরের জামিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বাইরে তাদের কাছে কোনো তথ্য নেই।

দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী সাংবাদিকদের বলেন, “আপনারা যেমন মিডিয়া ও পত্রপত্রিকায় জানছেন, আমরাও জানছি। আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার, সংশ্লিষ্ট বিভাগগুলো নিশ্চয় তা নেবে।”

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুদকের কোনো গাফিলতি ছিল কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না।”

তিনি জানান, আন্তঃদেশীয় অনুসন্ধান ও আইনি সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুদক প্রয়োজনীয় নথি প্রস্তুত করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পরে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়।

প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্যেই জামিন: দুদকের তদন্তে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে এবং অন্যগুলো তদন্তাধীন।

এসব অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। ওই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত ১২ জুন বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়।

এরপর বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত আনার উদ্যোগ নেয়। দুদক প্রয়োজনীয় নথি প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পরে প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে আরো কিছু তথ্য ও ব্যাখ্যা চায়। এই প্রক্রিয়া চলার মধ্যেই বেনজীরের জামিনে মুক্তির খবর আসে।

পাসপোর্টে জালিয়াতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে দুদক বেনজীর আহমেদের বিরুদ্ধে ছয়টি দুর্নীতির মামলা করেছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে, বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে।
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্র...

আইজিপি থেকে তৃণমূল পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুত নিজেদের সংশোধন করুন। দায়িত...

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই