প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ শনিবার) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের সামনে উপস্থিত হলে স্লোগান দিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন এবং জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশনে দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়। সেখান থেকে তারেক রহমান নয়া পল্টনে আসেন। তার আগমন উপলক্ষে সকাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয় এবং এর চারপাশে কড়া নজরদারি করে।
প্রধানমন্ত্রী আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৪টার থেকে নয়া পল্টনের সড়ক ভরে যায়। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকায়। পরে সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের কেন্দ্রীয় কার্যালয়ে আসার তথ্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার পর সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চেয়ারম্যানের কক্ষে বসেছে। সেখানে বিভিন্ন সাংগঠন কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইসচেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে তারা জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোথাও না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।
দুর্ঘটনা ও শোক প্রস্তাব: বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কেন এসব দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে তা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।
সংসদীয় কার্যক্রম ও নতুন উদ্যোগ: চিফ হুইপ বলেন, বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আজ (শনিবার) বিস্তারিত আলোচনা না হলেও আশা করা যাচ্ছে আগামীকালের (রোববার) বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত আসবে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।
সানা/আপ্র/২৮/৩/২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টন কার্যালয়ে তারেক রহমান
জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ
নিজেস্ব প্রতিবেদক
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আসার পর নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত