চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। এ ঘটনায় মো. জালাল উদ্দীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় নাহার স্কেলের সামনে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর বিভাগের টিম-২ ও স্পেশাল টিম-২ যৌথভাবে এ অভিযান চালায়। কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে মাদক নিয়ে এক কারবারি চট্টগ্রাম শহরের দিকে আসছেন—এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি লোহার তৈরি হাইড্রোলিক জগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতার জালাল উদ্দীন কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার মতিঝিল ও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের দুটি মামলা রয়েছে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসি/আপ্র/২৭/১০/২০২৬