ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন এলিজা জামান।
নির্বাচনী তপসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমা শেষ হলে নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে। ফলে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সংরক্ষিত নারী আসনে তার সংসদ সদস্য হওয়া চূড়ান্ত হবে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য বিএনপি এলিজা জামানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। পরে সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় তার প্রার্থিতা নিশ্চিত হয়েছে।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
প্রসঙ্গত, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। রাজনৈতিক দল বা জোট জাতীয় সংসদ নির্বাচনে যে অনুপাতে আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
এসি/আপ্র/২৭/১০/২০২৬