রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জয়নাল আবেদিন বলেন, সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় তাদের অফিসে অনধিকার প্রবেশ করেন। তারা অফিসের দরজা, তালা ও জানালা ভাঙচুর করে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষ ও স্টোররুম তল্লাশি করেন। পরে নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ অফিসের বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরো বলা হয়, কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় অফিসটি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। অফিসের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন জমিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে জনৈক আলম ওই জমির দখলে ছিলেন। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলেন। পরে তারা অফিসে ভাঙচুর চালিয়ে সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, জমিটির মালিকানা নিয়ে উভয় পক্ষই নিজ নিজ কাগজপত্র থাকার দাবি করছে। ফলে জমির প্রকৃত মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি আইনগতভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/২৬/৯/২০২৬