যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো পূরণ করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি দেওয়া।
সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রকে আরো কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের পুনরায় আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা কমানো এবং জুনে হওয়া চুক্তির মাধ্যমে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা পুনর্বহাল করা।
এ ছাড়া ইরানের জব্দ করা অর্থ ছাড় করতে হবে। এর মধ্যে কাতারে জব্দ থাকা অর্থও অন্তর্ভুক্ত থাকবে। ইরান ও ওমানের নির্ধারিত নৌপথ ছাড়া হরমুজ প্রণালির অন্য সব নৌপথ বন্ধ রাখতে হবে এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে। বিশেষ করে লেবাননে হামলা বন্ধের শর্ত দিয়েছেন আরাঘচি।
তিনি জানান, মধ্যস্থতাকারী দেশ কাতার ইরানকে প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে নিলে আরো কম সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব কি না। পরে সিদ্ধান্ত হয়, দুই দিনের মধ্যেই প্রণালিটি খুলে দেওয়া হবে।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, প্রথম দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে শর্তগুলো পূরণ করতে হবে। তা হলে পরের দিনই ইরান হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেবে।
সূত্র: আলজাজিরা
এসি/আপ্র/০১/১১/২০২৬