পরিবারে আরো সন্তান চান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্ত্রী উষা ভ্যান্সকে মজা করে পঞ্চম সন্তান নেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু স্ত্রীর কঠোর পাল্টা জবাবে আপাতত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন ভ্যান্স। উষা তাকে সতর্ক করে বলেছেন, তিন মাস বয়সী শিশুকে সামলানোর এই সময়ে আবার সন্তান নেওয়ার কথা তুললে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে দেবেন, ভ্যান্সের বন্ধ্যাকরণ অস্ত্রোপচার করানো হচ্ছে!
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে এমন মজার কথোপকথনের কথা জানান ভ্যান্স। তিনি বলেন, কয়েক দিন আগে মজা করেই উষাকে পরিবার আরো বড় করার প্রস্তাব দিয়েছিলেন।
ভ্যান্সের ভাষ্য, ‘আমি ছয়টি সন্তান চাই। কয়েক দিন আগে উষাকে মজা করে বলেছিলাম, চলো পঞ্চম সন্তানও নিয়ে ফেলি।’ তবে তার এই প্রস্তাবে মোটেও সায় দেননি উষা। বরং জানিয়ে দেন, তাদের তিন মাস বয়সী শিশুটি থাকতে ভ্যান্স যদি আরো সন্তান নেওয়ার কথা মজা করেও বলেন, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের ঘোষণা দিয়ে দেবেন।
স্ত্রীর এমন জবাবের পর ভ্যান্স বলেন, ‘তাই আর এমন কথা বলছি না।’
রেডওয়েভপ্রেস নামের একটি অ্যাকাউন্ট থেকে তাদের এই কথোপকথনের বিষয়টি প্রকাশ করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ দম্পতির কথাবার্তায় মজা পেয়েছেন, কেউ আবার সমালোচনা করেছেন।
একজন মন্তব্যকারী ভ্যান্স দম্পতির কথোপকথনকে সাধারণ মানুষের পারিবারিক আলাপের মতো বলে উল্লেখ করেন। তার মতে, ‘গম্ভীর পেশাদার রাজনীতিকদের’ দেখে দেখে মানুষ ক্লান্ত। আরেকজন কথোপকথনটিকে মিষ্টি আখ্যা দিয়ে ভ্যান্স পরিবারের প্রতি ভালো লাগার কথা জানান। তবে সমালোচকেরাও সরব হয়েছেন। একজন প্রশ্ন তুলেছেন, আরো সন্তান নেওয়ার বিষয়টি নিয়ে এমন রসিকতার প্রয়োজন কী? অন্য একজন সন্তান নেওয়ার ক্ষেত্রে পরিবারের আর্থিক চাপের বিষয়টি সামনে এনেছেন।
জেডি ও উষা ভ্যান্সের পরিবারে বর্তমানে ছয়জন সদস্য। তাদের চার সন্তান ইউয়ান, বিবেক, মিরাবেল ও অ্যালেক। পরিবারের সবচেয়ে ছোট সদস্য অ্যালেকের বয়স এখন তিন মাস। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/কেএমএএ/আপ্র/৩১/১০/২০২৬