গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে ভুয়া জরিপের ভয়ংকর ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে ভুয়া জরিপের ভয়ংকর ছায়া
ছবি

যুক্তরাষ্ট্রের একটি ভোটকেন্দ্র -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক জনমত জরিপের বিশ্বাসযোগ্যতা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। একের পর এক বানোয়াট জরিপ প্রকাশ, সেগুলোকে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের নির্বাচনী পূর্বাভাসে অন্তর্ভুক্ত করা এবং তার ভিত্তিতে প্রার্থী ও ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার ঘটনায় দেশটির নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। উদ্বেগের বিষয়, ভুয়া জরিপ এখন কেবল জনমত বিভ্রান্ত করার উপকরণ নয়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় প্রতিপক্ষকে দুর্বল করার কার্যকর অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

চলতি অক্টোবর মাসে ‘ওয়েজউড পোলস’ নামের একটি প্রতিষ্ঠান স্বীকার করেছে, টেক্সাস, ওহাইও, মিশিগান, ক্যানসাস ও মেইনের মতো গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য নিয়ে প্রকাশিত তাদের সব নির্বাচনী পরিসংখ্যানই ছিল কাল্পনিক। স্বীকারোক্তির পর প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব হিসাব মুছে ফেলে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের জরিপশিল্পে নজরদারির দুর্বলতা এবং সহজে এই খাতে প্রবেশের সুযোগ পরীক্ষা করতেই তারা এমন উদ্যোগ নিয়েছিল। গণমাধ্যম ও ভোটারদের কত সহজে বিভ্রান্ত করা যায়, সেটিও ছিল তাদের তথাকথিত পরীক্ষার অংশ। কিন্তু এমন ব্যাখ্যা দিয়ে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ানোর দায় এড়ানোর সুযোগ নেই।

ঘটনাটির ভয়াবহতা আরো স্পষ্ট হয়, যখন জানা যায়, প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের নির্বাচনী জরিপের তালিকায় জুন থেকে অক্টোবর পর্যন্ত ওয়েজউডের ১৫টি জরিপ স্থান পেয়েছিল। পরে জালিয়াতি প্রকাশ্যে এলে সেগুলো সরিয়ে নেওয়া হয়। পত্রিকাটির ব্যাখ্যা, জরিপ অন্তর্ভুক্তির আগে প্রতিষ্ঠানটির কর্মী, পদ্ধতি ও অর্থায়নের উৎস সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল এবং সন্তোষজনক উত্তর পাওয়ার পরই সেগুলো তালিকাভুক্ত করা হয়েছিল। অর্থাৎ প্রচলিত যাচাইপ্রক্রিয়াও যে যথেষ্ট নয়, এই ঘটনা তার বড় প্রমাণ।

২০২৬ সালের নির্বাচনী চক্রে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত আগস্টে ‘মিডিয়ান স্ট্র্যাটেজিস’ নামের আরেকটি প্রতিষ্ঠানও তাদের জরিপ বানোয়াট বলে স্বীকার করে। ‘ফিফটিপ্লাসওয়ান’ নামের জরিপ ও নির্বাচনী পূর্বাভাসবিষয়ক ওয়েবসাইটের অনুসন্ধানে ওয়েজউডের প্রাথমিক উপাত্ত ও প্রযুক্তিগত যাচাইয়ে অসংগতি ধরা পড়ার পর জালিয়াতি সামনে আসে। তদন্তে যুক্ত তথ্য সাংবাদিক জি এলিয়ট মরিসসহ জরিপ গবেষকেরা প্রতিষ্ঠানটির ‘সামাজিক পরীক্ষা’র ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন।

ভুয়া জরিপের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এর প্রভাব বাস্তব রাজনৈতিক প্রতিযোগিতায় সরাসরি পড়তে পারে। মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী ম্যালোরি ম্যাকমোরোর অভিজ্ঞতা এর উদাহরণ। ওয়েজউডের জরিপে তার জনসমর্থন এক অঙ্কে নেমে যাওয়ার দাবি করা হলে প্রচারকর্মীদের মনোবল ভেঙে পড়ে, সংবাদমাধ্যমে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে এবং তহবিল সংগ্রহ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ‘মিচেল রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন্স’-এর জরিপও তার প্রচারে নেতিবাচক প্রভাব ফেলে বলে তিনি অভিযোগ করেন। শেষ পর্যন্ত গত জুলাইয়ে তাকে সিনেটের লড়াই থেকে সরে দাঁড়াতে হয়। অর্থাৎ একটি মিথ্যা পরিসংখ্যানও কোনো প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ সংকুচিত করে দিতে পারে।

এ সংকটকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর প্রবণতাও উদ্বেগজনক। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যান ইনফর্মড পাবলিক’-এর গবেষকদের পর্যবেক্ষণ, ওয়েজউডের জালিয়াতি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ডানপন্থী মার্কিন সংবাদমাধ্যমগুলো সামগ্রিক নির্বাচনী জরিপব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে শুরু করে। বিশেষ করে যেসব জরিপে ডেমোক্র্যাট প্রার্থীদের এগিয়ে থাকার তথ্য ছিল, সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ ছড়ানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি রাজনৈতিক আক্রমণের হাতিয়ার করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি নিউইয়র্ক টাইমসকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির সবকিছু ভুয়া ও কৃত্রিম বলে মন্তব্য করেন। তার দাবি, পত্রিকাটির বিরুদ্ধে করা ১৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলাও এই ঘটনায় আরো শক্তিশালী হয়েছে।

আইনগত দুর্বলতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রে ভুয়া জনমত জরিপ প্রকাশকে সরাসরি অপরাধ হিসেবে গণ্য করার সুস্পষ্ট আইন নেই। তবে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ পণ্য ও তারবার্তা সংক্রান্ত জালিয়াতির বিদ্যমান আইন প্রয়োগের পক্ষে মত দিয়েছেন। ২০২০ সালে ‘মিজৌরি ল রিভিউ’-তে প্রকাশিত আইন গবেষক টাইলার ইয়ারগেইনের নিবন্ধেও নির্বাচনী জালিয়াতিসংক্রান্ত বিদ্যমান আইন ভুয়া জরিপকারীদের বিরুদ্ধে যথাযথভাবে প্রয়োগ না হওয়ার বিষয়টি উঠে আসে।

এদিকে ফেডারেল যোগাযোগ কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার সতর্ক করেছেন, ভুয়া জরিপ প্রচার করলে সম্প্রচারমাধ্যমের লাইসেন্স বাতিল হতে পারে। তবে কমিশনের একমাত্র ডেমোক্র্যাট সদস্য আনা গোমেজ এর বিরোধিতা করে বলেছেন, জরিপ পরিচালনাকারীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি হলেও জনসমক্ষে থাকা তথ্য সরল বিশ্বাসে প্রচার করার দায়ে গণমাধ্যমকে শাস্তি দেওয়া উচিত নয়।

আমরা মনে করি, এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্তৃপক্ষ ও আইনপ্রণেতাদের জরুরি ভিত্তিতে কার্যকর নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পরিচয়, অর্থায়নের উৎস, নমুনা নির্বাচন, তথ্য সংগ্রহের পদ্ধতি ও প্রাথমিক উপাত্ত প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। স্বাধীন নিরীক্ষা এবং অভিযোগ তদন্তের ব্যবস্থা থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে নির্বাচনী প্রতিযোগিতা প্রভাবিত করার উদ্দেশ্যে জালিয়াতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুপাতিক আইনগত ব্যবস্থা নিতে হবে। তবে ভুল বা বিতর্কিত জরিপের সঙ্গে পরিকল্পিত জালিয়াতিকে এক করে দেখা যাবে না; গণমাধ্যমের স্বাধীনতাও সুরক্ষিত রাখতে হবে।

ক্যালিফোর্নিয়ার পাবলিক পলিসি ইনস্টিটিউটের জরিপ পরিচালক মার্ক বালদাসারের পরামর্শও প্রণিধানযোগ্য। কোনো জরিপ বিশ্বাস করার আগে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য, অর্থায়নের উৎস এবং গবেষণাপদ্ধতির স্বচ্ছতা যাচাই করতে হবে।

গণতন্ত্রে জনমত জরিপ নির্বাচনের ফল নির্ধারণ করে না, কিন্তু ভোটারের ধারণা ও রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই ভুয়া জরিপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কেবল তথ্যের শুদ্ধতা রক্ষার বিষয় নয়, নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা রক্ষারও অপরিহার্য শর্ত।


সানা/কেএমএএ/আপ্র/৩১/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

আরো সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর হুমকিতে পিছু হটলেন
৩১ অক্টোবর ২০২৬

আরো সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর হুমকিতে পিছু হটলেন

পরিবারে আরো সন্তান চান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্ত্রী উষা ভ্যান্সকে মজা করে পঞ...

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন ওমর আব্দুল্লাহ
৩১ অক্টোবর ২০২৬

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বিয়ে করেছেন সাংবাদিক নিধি রাজদানকে। শন...

যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির
৩১ অক্টোবর ২০২৬

যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির

শত্রুপক্ষের যে কোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া...

নেতানিয়াহুকে ঠেকাতে ইহুদি-আরব জোটের বিক্ষোভ
৩১ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে ঠেকাতে ইহুদি-আরব জোটের বিক্ষোভ

ইসরায়েলে সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই