ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন কোনো সিনেমার কারণে নয়, বরং একটি প্রচারণামূলক ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তিনি। ভিডিওতে মেহেদি পরানোর সময় হঠাৎ অপু বিশ্বাসকে চুমু দিতে দেখা যায় এক যুবককে। এতে লজ্জা পেয়ে হেসে ওঠেন অভিনেত্রী। শনিবার দিনভর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ওই যুবকের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, যুবকের নাম আদনান আজাদ। একটি প্রচারণামূলক ভিডিওতে অপু বিশ্বাসের সঙ্গে অংশ নিয়েছেন তিনি। ভিডিওতে দুজনকে হবু বর-কনের সাজে দেখা যায়। মেহেদি পরানোর আয়োজন ঘিরে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করতে গিয়ে অপুকে চুমু দেন আদনান। এতে লাজুক হাসিতে ধরা দেন অভিনেত্রী। তাঁদের এই রোমান্টিক মুহূর্ত নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। জানা গেছে, আলোচনার জন্ম দিতেই পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছিল চুমুর দৃশ্যটি।
এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই দুজনকে নিয়ে কৌতূহল তৈরি হয়। অনেকেই জানতে চান, কে এই আদনান আজাদ?
প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মধ্য দিয়েই নায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হয় আদনানের। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে, অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।
সম্প্রতি তাঁদের একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস। অভিনেত্রীর ভাষ্য, আদনান বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে দক্ষ একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত আদনান আজাদ। দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে আবারো বড়পর্দায় কাজ করার সম্ভাবনা তৈরি হওয়ায় চলচ্চিত্র অঙ্গনে তাঁদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা এগোয়, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
এসি/আপ্র/০১/১১/২০২৬