দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো ২৬ জন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই স্থানীয় দুটি বিনোদনকেন্দ্র ও পানশালায় (বার) ঘটেছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে একদল অস্ত্রধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, গুলি চালানোর পর হামলাকারীরা কয়েকজন ক্রেতার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি গাড়িতে করে স্থান ত্যাগ করে। এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখরো জানা যায়নি। এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অন্যদিকে একই রাতে কেপটাউনের ল্যান্ডল এলাকার একটি বিনোদনকেন্দ্রেও একই ধরনের হামলা হয়। স্থানীয় সময় রাত ১টা ৪৬ মিনিটের দিকে হওয়া ওই হামলায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, দুটি ভিন্ন শহরের এই রক্তক্ষয়ী হামলার মধ্যে কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মূল কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
এসি/আপ্র/২৭/৯/২০২৬