ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে পেন্টাগনের প্রকাশ করা সংখ্যার চেয়েও বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।
পোস্ট পরিচয় গোপন রাখা পাঁচ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, এ যুদ্ধে অন্তত ২২ জন মার্কিন সেনা নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, এ সংখ্যা পেন্টাগনের উন্মুক্ত ডাটাবেইজে পাওয়া তথ্যের চেয়ে চারজন বেশি।
পরিচয় গোপন রাখা আরেক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদপত্রটি আরও জানায়, যেসব সেনার মৃত্যুর কথা প্রকাশ করা হয়নি তাদের সবাই ছয় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সরাসরি অংশ না নিলেও সংঘাত চলাকালীন পশ্চিম এশিয়ায় মোতায়েন ছিলেন।
শুক্রবার প্রকাশিত পোস্টের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক্স এ এক পোস্টে হেগসেথ প্রতিবেদনটিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে অভিহিত করেছেন। এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের মন্তব্য চেয়ে রয়টার্সের জানানো অনুরোধে সংবাদপত্রটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
তাদের প্রতিবেদনে পোস্ট জানিয়েছে, হতাহতের সংখ্যা নিয়ে গরমিলের বিষয়ে করা প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি পেন্টাগন।
পেন্টাগনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা নিহত ও আরও ৭৫০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।
ডিসি/আপ্র/২০/০৯/২০২৬