গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

করপোরেট চাকরি ছেড়ে ফালুদার দোকান, বছরে আয় ১১ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩০ এএম ২০২৬
করপোরেট চাকরি ছেড়ে ফালুদার দোকান, বছরে আয় ১১ কোটি
ছবি

ছবি সংগৃহীত

স্বপ্ন পূরণের কোনো নির্দিষ্ট বয়স নেই। ভারতের উদ্যোক্তা প্রদীপ কান্নান যেন সেই কথাটিই প্রমাণ করেছেন। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলে এক দশক কাজ করার পর উচ্চ বেতনের করপোরেট চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন তিনি। সেই উদ্যোগ থেকেই গড়ে ওঠে ডেজার্টভিত্তিক দ্রুতসেবা রেস্তোরাঁ ব্র্যান্ড ‘দ্য ফালুদা শপ’।

২০১৯ সালে কান্নানের হাত ধরে যাত্রা শুরু করে দ্য ফালুদা শপ। বর্তমানে ব্র্যান্ডটির বার্ষিক আয় ৯ কোটি রুপিরও বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ কোটি টাকার সমান। ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে এর আউটলেট। ছোট একটি ডেজার্ট কিয়স্ক থেকে শুরু করে ব্র্যান্ডটি ধীরে ধীরে আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি তৈরি করছে।

প্রদীপ কান্নান ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনের শুরু হয়েছিল পোশাকশিল্পে। পরে মুম্বাই থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি নেন। এরপর সরবরাহ ব্যবস্থাপনায় কাজ করতে গিয়ে ভারত ও দুবাই—দুই জায়গাতেই পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। পরে যোগ দেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলে।

২০১৯ সালে ওরাকলে কাজ করার সময় কান্নানের মাসিক আয় ছিল প্রায় ১ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সামনে ছিল তথ্যপ্রযুক্তি খাতে একটি স্থিতিশীল ও ভালো বেতনের ক্যারিয়ার। কিন্তু সেই গতানুগতিক পথ তাকে সন্তুষ্ট করতে পারেনি।

কান্নান মনে করেছিলেন, নিজের হাতে এমন কিছু তৈরি করা দরকার, যেটি বাস্তব অর্থেই নিজের হবে। তাই ওরাকলের চাকরি ছেড়ে নিজের শহর তামিলনাড়ুর কারুরে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।

তার ব্যবসার ভাবনার কেন্দ্রে ছিল জনপ্রিয় ভারতীয় ডেজার্ট ফালুদা। তবে প্রচলিত ফালুদা শুধু বিক্রি না করে সেটিকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন কান্নান। দ্য ফালুদা শপের ওয়েবসাইট অনুযায়ী, তার লক্ষ্য ছিল ফালুদাকে একটি আধুনিক, উচ্চমানের ও ফ্র্যাঞ্চাইজি-উপযোগী ব্র্যান্ডে রূপ দেওয়া।

এই ভাবনা থেকেই কারুরে মাত্র ১০ ফুট বাই ১০ ফুটের একটি কিয়স্ক দিয়ে যাত্রা শুরু করেন তিনি। ব্যবসা শুরুর সময় ছিল না কোনো বড় ঘোষণা, জমকালো উদ্বোধন কিংবা চোখধাঁধানো প্রচারণা।

শুরুতে প্রচারের ঘাটতি থাকলেও খুব দ্রুত সাড়া পেতে শুরু করে দ্য ফালুদা শপ। কারুরের সেই একটি আউটলেট থেকে ধীরে ধীরে বিস্তৃত হয়ে ব্র্যান্ডটির স্টোর সংখ্যা দাঁড়ায় আরও ১৭টিতে। এসব আউটলেটের মধ্যে দুবাইয়ের একটি স্টোরও রয়েছে।

দ্য ফালুদা শপ মূলত ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হচ্ছে। এই মডেলে ব্র্যান্ডটির পক্ষ থেকে কর্মী ব্যবস্থাপনা, কাঁচামাল সরবরাহ ও প্রশিক্ষণের মতো বিষয়ে সহায়তা দেওয়া হয়। তবে ফ্র্যাঞ্চাইজি নিতে উদ্যোক্তাদের নির্দিষ্ট অগ্রিম ফি দিতে হয়।

অর্থাৎ কারুরের ছোট ১০ ফুট বাই ১০ ফুটের কিয়স্ক থেকে শুরু হওয়া উদ্যোগটি শুধু নিজস্ব আউটলেট বাড়ানোর পথে এগোয়নি; বরং একটি ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড হিসেবেও বিস্তৃত হয়েছে।

সম্প্রতি প্রদীপ কান্নান জানিয়েছেন, দ্য ফালুদা শপ এবার উত্তর ভারতেও প্রথম স্টোর খুলতে যাচ্ছে। নতুন আউটলেটটি হবে গুরুগ্রামে।

এই সম্প্রসারণকে নিজের স্বপ্ন কতটা দূর এগিয়েছে, তার একটি স্মারক হিসেবে দেখছেন কান্নান। নতুন স্টোরের ঘোষণা দিয়ে তিনি এটিকে ‘স্বপ্নটি কত দূর ভ্রমণ করেছে, তার একটি স্মারক’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে জানিয়েছেন, এই সম্প্রসারণের বিষয়টি তিনি এখনো পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারছেন না এবং ‘এখনো বিষয়টি হজম করার চেষ্টা করছেন’।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দ্য ফালুদা শপ শুধু প্রচলিত ফালুদার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি। মিলেনিয়াল ও জেন-জি প্রজন্মের ভোক্তাদের কথা মাথায় রেখে তাদের ডেজার্টের পরিসরও বাড়ানো হয়েছে।

এর মধ্যে রয়েছে পানীয় হিসেবে খাওয়ার উপযোগী ড্রিংকেবল ফালুদা। পাশাপাশি রয়েছে ক্যানজাত প্রস্তুত ফালুদা, যা প্যাকেটজাত ও সহজে খাওয়ার উপযোগী করে বাজারে আনা হয়েছে।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে ইলিশ কেন
২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে ইলিশ কেন

বাংলাদেশে কমছে ইলিশের উৎপাদন। একই পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গেও। অথচ সেই ইলিশই এখন বিপুল সংখ্যায় ধরা...

গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন
১৯ সেপ্টেম্বর ২০২৬

গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে যাওয়া অভিবাসীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ন...

আদালতে চিকিৎসক, রোগী দেখলেন গাড়িচালক
১৯ সেপ্টেম্বর ২০২৬

আদালতে চিকিৎসক, রোগী দেখলেন গাড়িচালক

ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের গাড়িচালকের বিরুদ্ধে রোগী দেখা ও প্রেসক্রিপশন দে...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২৬টি বিম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই