ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে মনে করছে পাকিস্তান। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমরা মক্কা চুক্তির অংশীদার হিসেবে নিজেদের দায়িত্ব পালন করব এবং আমরা মনে করি, এ চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে। কারণ খোদ মক্কায় হামলা হয়েছে।”
গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র শহর মক্কার দিকে একটি বিস্ফোরকবাহী ড্রোন ধেয়ে আসে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। তবে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি প্রতিরক্ষা বাহিনী সেটি শনাক্ত করে ধ্বংস করে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ড্রোনটি হুথিদের ছিল এবং মক্কাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
তবে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথি বাহিনী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের লক্ষ্যবস্তু সৌদি আরবের জ্বালানি ও সামরিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট। ধর্মীয় বা পবিত্র কোনো স্থাপনাকে তারা কখনো লক্ষ্যবস্তু করে না বলে দাবি করেন তিনি।
এদিকে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হুথি বাহিনীকে সতর্ক করে খাজা আসিফ বলেন, “পরবর্তীতে যদি কখনও মক্কায় হামলা হয়, তাহলে পাকিস্তান মক্কা চুক্তি সক্রিয় করার জন্য অপেক্ষা করবে না। কারণ পাকিস্তান মনে করে, ধর্মীয় স্থাপনা ও স্থান রক্ষা করা একটি পবিত্র কর্তব্য।”
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর আগ্রাসনকে সম্মিলিত নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।
সূত্র : জিও টিভি
ডিসি/ আপ্র/১৭/০৯/২০২৬