সাভার প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সাভারে কর্মরত বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি নাদিম হাসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি মা-বাবা ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।
নাদিম হাসান এক দশকের বেশি সময় ধরে মোহনা টেলিভিশন, বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনে সাভার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি সাভার প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে বসবাস করতেন নাদিম হাসান। গত ৪ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নাদিম হাসানের মৃত্যুতে সাভার প্রেসক্লাব, ধামরাই রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তিন দিন আগে নাদিমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। তিনি ছিলেন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক এবং গুণী সাংগঠনিক ব্যক্তিত্ব। তার মৃত্যু সাভারের সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি। নাদিমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
নাদিমের ঘনিষ্ঠ সহকর্মী নোমান মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নেওয়া হবে। সেখানে জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হবে।
সানা/কেএমএএ/আপ্র/৬/১১/২০২৬