ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ ব্যবহার করে পোল্যান্ডের দিকে গিয়েছিলেন জনসনসহ ইউরোপের একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইয়াহোদিন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে রুশ ড্রোনটি হামলা চালায়। হামলার আগেই সতর্কতার সঙ্গে ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে হামলায় ট্রেনটির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, কিয়েভে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে বরিস জনসন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ বেশ কয়েকজন পশ্চিমা কর্মকর্তা ওই রেলপথ ব্যবহার করেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, মূলত ওই কূটনৈতিক ট্রেনটিই রুশ ড্রোনের প্রধান লক্ষ্যবস্তু ছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর কূটনৈতিক সফরকারীদের বিশেষ ট্রেনটির সময়সূচি এগিয়ে নেওয়া হয়েছিল। ফলে ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। এতে হামলার সময় ট্রেনটি ঘটনাস্থলে ছিল না।
এ ছাড়া হামলার স্থানটিতে থাকা অন্য একটি ট্রেনে সফর করছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ডেভিড পেট্রাউস।
ঘটনার দায় স্বীকার করে মস্কো জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের সামরিক ও গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের একেবারে কাছাকাছি এলাকায় হামলার ঘটনায় নতুন করে সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে।
এসি/আপ্র/১৪/০৯/২০২৬