১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যা। যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা পরেছিলেন শরীরের সঙ্গে আঁটসাঁট, কাঁধখোলা ছোট কালো পোশাক। নকশায় ছিল আভিজাত্য ও সাহসী আধুনিকতার ছাপ। তবে পোশাকটি শুধু ফ্যাশনের কারণে বিখ্যাত হয়নি। বিশেষ এক প্রেক্ষাপটে এটি পরিচিতি পায় ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে। সেই ঐতিহাসিক পোশাক এবার আবারো নিলামে উঠতে যাচ্ছে।
খ্যাতনামা নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স আগামী ডিসেম্বর পোশাকটি নিলামে তুলবে। এর আগে চলতি মাসেই লন্ডনে প্রদর্শন করা হবে এটি। এরপর পর্যায়ক্রমে হংকং, জেনেভা ও নিউইয়র্কে নেওয়া হবে পোশাকটি। সবশেষে নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে নিলাম। পোশাটির আনুমানিক দাম ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৬৭ লাখ টাকা। ডায়ানার পোশাকটির সঙ্গে ‘প্রতিশোধের পোশাক’ নামটি জড়িয়ে যাওয়ার পেছনে রয়েছে তাঁর ব্যক্তিজীবনের একটি আলোচিত অধ্যায়। ডায়ানার স্বামী ছিলেন প্রিন্স চার্লস, যিনি বর্তমানে যুক্তরাজ্যের রাজা। যে সন্ধ্যায় ডায়ানা ওই কালো পোশাক পরে বেরিয়েছিলেন, সেদিনই চার্লস তাঁর পরকীয়ার বিষয়টি টেলিভিশনে প্রকাশ করতে যাচ্ছিলেন। চার্লসের সেই স্বীকারোক্তির প্রেক্ষাপটেই ডায়ানার সাহসী পোশাকটি পরে বিশেষ প্রতীকী অর্থ পেয়ে যায়।
রিভেঞ্জ ড্রেসের নকশা করেছিলেন ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। ২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেদিন সন্ধ্যায় ডায়ানার একটি সাদা গাউন পরার কথা ছিল। কিন্তু স্বামীর ওপর খুবই রেগে ছিলেন ডায়ানা। শেষ পর্যন্ত সেই সাদা গাউন বাদ দিয়ে তিনি বেছে নেন কালো পোশাকটি। এর সঙ্গে ব্যবহার করেন উজ্জ্বল লাল নেইল পলিশ, যা এর আগে তাঁকে করতে দেখা যায়নি। পোশাকটি নিয়ে মানুষের আগ্রহ অবশ্য নতুন নয়। ১৯৯৭ সালেও একবার এটি বিক্রি হয়েছিল। তখন ডায়ানা জীবিত ছিলেন এবং পোশাক বিক্রি থেকে পাওয়া অর্থ তিনি দান করে দিয়েছিলেন। সেবার পোশাকটির দাম উঠেছিল ৩৯ হাজার ৯৮ পাউন্ড। বর্তমান মূল্যে যার পরিমাণ প্রায় ১ লাখ পাউন্ড। যে পরিবার তখন পোশাকটি কিনেছিল, এত দিন সেটি তাদের কাছেই সংরক্ষিত ছিল।
১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়ানা। কিন্তু মৃত্যুর প্রায় তিন দশক পরও তাঁর পোশাক ও ফ্যাশনবোধ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তিনি ছিলেন অত্যন্ত ফ্যাশনসচেতন এবং তাঁর পোশাক নির্বাচনের ধরন ছিল সময়ের তুলনায় অনেক বেশি সাহসী ও স্বতন্ত্র।
২০১৩ সালে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী রিয়ানা ফ্যাশনবিষয়ক সাময়িকী গ্লামারকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানার পোশাকের প্রশংসা করেছিলেন। তাঁর ভাষায়, ডায়ানার প্রতিটি সাজই ছিল দুর্দান্ত। পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন একজন ‘গ্যাংস্টার’। ডায়ানার সেই আলোচিত কালো পোশাক তাই নিছক একটি পোশাক নয়; রাজপরিবারের এক আলোচিত সময়, ব্যক্তিগত সংকটের মুহূর্তে এক নারীর আত্মপ্রকাশ এবং বিশ্ব ফ্যাশনে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবেরও প্রতীক। এবার নিলামে উঠলে সেটি কত দামে বিক্রি হয়, সেদিকেই নজর থাকবে ফ্যাশনপ্রেমী ও রাজপরিবারের অনুরাগীদের। সূত্র: দ্য গার্ডিয়ান
সানা/আপ্র/১২/৯/২০২৬