গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৮ জুলাই ২০২৬

মেনু

অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের জীবনাবসান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২১:০৪ এএম ২০২৬
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের জীবনাবসান
ছবি

আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৮৯ সালের আলোচিত চলচ্চিত্র ‘মাই লেফট ফুট’-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার অর্জন করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীর মৃত্যুর খবর তাঁর এজেন্ট ফিল বেলফিল্ড এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ব্রেন্ডার মতো মানুষ আর কখনো পাওয়া যাবে না। তাঁর চলে যাওয়ায় বিশ্ব একজন অসাধারণ মানুষকে হারাল। তাঁকে জানা, ভালোবাসা এবং তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমাদের জন্য সম্মানের বিষয় ছিল। বিশ্বজুড়ে চলচ্চিত্র ও টেলিভিশন দর্শকদের হৃদয়ে তিনি সবসময় বেঁচে থাকবেন।”

১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘মাই লেফট ফুট’ চলচ্চিত্রে ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয় করেন ব্রেন্ডা ফ্রিকার। এই চরিত্রে তাঁর অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৯৯০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার পান তিনি। এর মাধ্যমে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের ইতিহাস গড়েন ব্রেন্ডা। ওই বছর পুরস্কারের দৌড়ে তিনি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া রবার্টস ও অ্যাঞ্জেলিকা হাস্টনের মতো তারকাদের পেছনে ফেলেছিলেন।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ব্রেন্ডা। ১৯৮৬ সালে বিবিসির চিকিৎসাভিত্তিক নাটক ‘ক্যাজুয়ালটি’র প্রথম পর্ব থেকেই নার্স মেগান রোচ চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। ১৯৯০ সাল পর্যন্ত নিয়মিত এই চরিত্রে দেখা গেলেও পরবর্তী সময়েও বিভিন্ন পর্বে অংশ নেন। ২০১০ সালে সিরিজটিতে তাঁর সর্বশেষ উপস্থিতি ছিল।

১৯৯২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘হোম অ্যালোন ২’-এ সেন্ট্রাল পার্কের গৃহহীন নারীর চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘সো আই ম্যারেড অ্যান এক্স মার্ডারার’, ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’, ‘এ টাইম টু কিল’ এবং ‘ভেরোনিকা গেরিন’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘ক্যাজুয়ালটি’ সিরিজের সহশিল্পী ডেরেক থম্পসন ব্রেন্ডাকে স্মরণ করে বলেন, “আমার দীর্ঘ অভিনয়জীবনে অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি, তবে ব্রেন্ডা ছিলেন আমার দেখা সেরা সহকর্মীদের একজন।”

একই সিরিজের আরেক অভিনেত্রী ক্যাথি শিপটন বলেন, ব্রেন্ডা ছিলেন তাঁর দেখা সবচেয়ে খাঁটি ও সৎ মানুষদের একজন। জীবনের নানা প্রতিকূলতা তিনি সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। তাঁর রসবোধ ও প্রজ্ঞা তাঁকে আলাদা করে তুলেছিল।

ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকার ১৯৬০-এর দশকে আয়ারল্যান্ডের প্রথম ধারাবাহিক নাটক ‘টোলকা রো’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। পরে ১৯৭৭ সালে আইটিভির ‘করোনেশন স্ট্রিট’ এবং ১৯৭৮ সালে ‘লিকিং হিটলার’ নাটকে অভিনয় করেন।

দীর্ঘ অভিনয়জীবনে ব্রেন্ডা ফ্রিকার তাঁর অভিনয় দক্ষতা দিয়ে চলচ্চিত্র ও টেলিভিশনে বিশেষ জায়গা তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সানা/কেএমএএ/আপ্র/১৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ধারাবাহিক নাটকে ফিরছেন সুমাইয়া শিমু
১৮ জুলাই ২০২৬

ধারাবাহিক নাটকে ফিরছেন সুমাইয়া শিমু

একটা সময় নাটকের নিয়মিত অভিনেত্রী ছিলেন সুমাইয়া শিমু। একক কিংবা ধারাবাহিক দুই ধরনের নাটকেই তার জনপ্রি...

বাংলা ছবি করতে চান কাজল
১৮ জুলাই ২০২৬

বাংলা ছবি করতে চান কাজল

বলিউডের নামজাদা অভিনেত্রী কাজল। গত শতকের নব্বইয়ের দশক থেকে দর্শককে মাতিয়ে রেখেছেন। এখনো তার প্র...

এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
১৮ জুলাই ২০২৬

এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান

শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা জুটি বেঁধে শুরু করেছেন ‘মোজি অ্যান্ড কোং’ নামের মিউজিক প্র...

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ
১৮ জুলাই ২০২৬

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

প্রিয়াঙ্কা চোপড়া জন্মগতভাবে ভারতীয় হলেও এখন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী। বিশ্বজুড়ে তার বিচরণ, জনপ্রিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই