অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির নির্দেশও দিয়েছে ইতালির ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম *ইল গাজ্জেত্তিনো* এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তদন্তের বিষয়টি বাংলাদেশ দূতাবাসকেও জানানো হয়েছে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে ঘটে যাওয়া এ ঘটনা বাংলাদেশ ও ইতালি—দুই দেশেই আলোচনার জন্ম দিয়েছিল। এমনকি বাংলাদেশের জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপিত হয়।
গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী শেষে লিদো দ্বীপ থেকে মূল ভূখণ্ডে ফিরেছিলেন বাঁধন। পরে ভাই, ভাবি ও ছোট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হলে একটি সড়কে প্রায় ১০ জন ব্যক্তি তাঁদের ঘিরে ধরে বলে অভিযোগ করেন অভিনেত্রী।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাঁধনকে হুমকি দেওয়ার পাশাপাশি অশ্লীল ও লিঙ্গবিদ্বেষী মন্তব্য করে। একপর্যায়ে তাঁর দিকে ডিম ছোড়া হয় এবং শরীরে কোকা-কোলা ও পানি ঢেলে দেওয়া হয়। ছিনিয়ে নেওয়া মুঠোফোন দিয়ে তাঁকে আঘাতও করা হয়। এক ব্যক্তি সজোরে চড় মারলে তাঁর চশমা মাটিতে পড়ে যায়।
এ সময় বাঁধনের ভাই ও ভাবি তাঁকে রক্ষার চেষ্টা করেন। হামলাকারীদের কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে। একটি ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচারও করা হয়, যা পরে বাংলাদেশে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে বিস্তারিত জানান বাঁধন। হামলাকারীদের শনাক্ত করতে সহায়তার জন্য নিজেও ঘটনার কিছু ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী।
তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরুর মধ্য দিয়ে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
এসি/আপ্র/২৯/১১/২০২৬