সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল সদৃশ বস্তু বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী গেটে বিস্ফোরক সদৃশ বস্তুটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) নাজিম উদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় স্কুল গেটের তালার সঙ্গে ককটেল সদৃশ বস্তুটি বেঁধে রেখে যায়। সকালে নিরাপত্তাকর্মী প্রথমে এটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা বস্তুটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাল টেপ দিয়ে প্যাঁচানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। তবে সেটি আদৌ ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এসি/আপ্র/২৯/১১/২০২৬