গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

খুলনায় সন্ত্রাসের ভয়াল বিস্তার: নিরাপত্তা নিশ্চিতে চাই কার্যকর পদক্ষেপ

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৭ এএম ২০২৬
খুলনায় সন্ত্রাসের ভয়াল বিস্তার: নিরাপত্তা নিশ্চিতে চাই কার্যকর পদক্ষেপ
ছবি

ছবি সংগৃহীত

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এখন গভীর জননিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। নগরীর সড়ক, চায়ের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা বসতবাড়ি-কোথাও মানুষ নিরাপদ বোধ করছে না। প্রকাশ্যে গুলিবর্ষণ, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ অস্ত্রের মহড়া সাধারণ মানুষের জীবনকে আতঙ্কিত করে তুলেছে। এ পরিস্থিতি কেবল অপরাধপ্রবণতার বিস্তার নয়, রাষ্ট্রের আইন প্রয়োগ ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করার সক্ষমতার জন্যও বড় চ্যালেঞ্জ।

চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৮১ জন খুন হয়েছেন। এর মধ্যে মহানগর এলাকায় ৪১ এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৪০ জন। উদ্বেগের বিষয়, নভেম্বরের প্রথম ২৫ দিনেই অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর এক দিনেই নগরীর সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পাঁচজন গুলিতে এবং একজন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। এমন পরিস্থিতিতে নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে কোনোভাবেই অতিরঞ্জিত বলা যায় না।

আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংঘাত ক্রমেই ভয়াবহ হচ্ছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এমন ব্যক্তিদের কয়েকজনও হত্যাকাণ্ড ও হামলার শিকার হয়েছেন। একই সঙ্গে চাঁদাবাজির বিস্তার ঘটেছে স্বাস্থ্যসেবা ও ব্যবসাপ্রতিষ্ঠানে। নিউ অ্যাপোলো রোগনির্ণয় ও পরামর্শকেন্দ্রে হামলা-ভাঙচুর এবং রূপসা এলাকায় চাঁদাবাজদের ভয়ে ১০টি ফার্মেসি বন্ধ রাখার ঘটনা প্রমাণ করে, অপরাধীরা এখন জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে জিম্মি করার সাহস দেখাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে চিকিৎসাসেবা, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অবৈধ অস্ত্রের বিস্তার পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত মহানগর এলাকায় ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি এবং জেলা এলাকায় ৩২টি আগ্নেয়াস্ত্র ও ৩৯টি গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা ও গ্রেফতারের পরও গোলাগুলি বন্ধ না হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচলিত কার্যক্রমের কার্যকারিতা পর্যালোচনার দাবি রাখে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, নগরীতে এখনো অন্তত ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। অর্থাৎ অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু অস্ত্রের সরবরাহ ও ব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন বিচ্ছিন্ন অভিযান নয়, সুপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা কৌশল। প্রথমেই অবৈধ অস্ত্রের উৎস, সরবরাহপথ, মজুতদার ও ব্যবহারকারীদের শনাক্ত করে বিশেষ অভিযান চালাতে হবে। সীমান্তপথে অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। দ্বিতীয়ত, হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলাগুলোর তদন্তে বিশেষ তদারকি নিশ্চিত করে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক প্রভাব কিংবা প্রশাসনিক যোগাযোগ যেন বিচারপ্রাপ্তির পথে বাধা না হয়। অপরাধে পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠলে তারও নিরপেক্ষ তদন্ত করতে হবে।

একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান এবং ব্যবসায়ী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। পুলিশি সেবার জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগ গ্রহণ, দ্রুত প্রতিক্রিয়া এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনার ব্যবস্থা গড়ে তোলা জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও ব্যবসায়ী সংগঠনকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে সামাজিক উদ্যোগও জোরদার করতে হবে।

মনে রাখতে হবে, শুধু গ্রেফতার কিংবা অস্ত্র উদ্ধারের সংখ্যা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রমাণিত হয় না; অপরাধ কমছে কি না, মানুষ নিরাপদে চলাফেরা ও জীবিকা নির্বাহ করতে পারছে কি না, সেটিই প্রকৃত সাফল্যের মাপকাঠি। খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে দৃশ্যমান, নিরপেক্ষ ও ধারাবাহিক পদক্ষেপ এখন সময়ের দাবি। নাগরিকের জীবন কোনো অপরাধী চক্রের কাছে জিম্মি থাকতে পারে না। খুলনায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে রাষ্ট্রকে তাই কার্যকর ভূমিকা নিতেই হবে।
সানা/আপ্র/২৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবাসনের স্বপ্নে মাফিয়াতন্ত্রের কালো থাবা, প্রতিকার করবে কে?
২৮ নভেম্বর ২০২৬

আবাসনের স্বপ্নে মাফিয়াতন্ত্রের কালো থাবা, প্রতিকার করবে কে?

মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি নিজের একখণ্ড জমি কিংবা মাথা গোঁজার নিরাপদ ঠিকানা। এই স্বপ...

অনিয়ন্ত্রিত অটোরিকশার বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিন
২৬ নভেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত অটোরিকশার বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিন

দেশের শহর থেকে গ্রাম- সর্বত্রই অটোরিকশার অবাধ চলাচল সড়ক ব্যবস্থাপনায় এক নতুন সংকট তৈরি করেছে। যাত্রী...

শ্রমিকের ঘামে সমৃদ্ধি, প্রাপ্যে কেন ভয়াবহ বৈষম্য?
২৬ নভেম্বর ২০২৬

শ্রমিকের ঘামে সমৃদ্ধি, প্রাপ্যে কেন ভয়াবহ বৈষম্য?

সভ্যতার অগ্রযাত্রা মানুষের শ্রমের ওপর দাঁড়িয়ে; অথচ ইতিহাসের প্রায় প্রতিটি যুগেই উৎপাদনের ভার বহনকারী...

সহিংসতা ও স্বার্থের রাজনীতি থেকে বেরিয়ে আসুক দেশ
২৫ নভেম্বর ২০২৬

সহিংসতা ও স্বার্থের রাজনীতি থেকে বেরিয়ে আসুক দেশ

গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক। অধ্যাপক ড. মুহাম্মদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে