বলিউডে ‘রামায়ণ’ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন রূপে হাজির হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। ধানুশ ও মাম্মুটির আসন্ন সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
সোমবার (২৬ অক্টোবর) সিনেমাটিতে তার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছে নির্মাতারা। আর তা প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। সিনেমায় সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাল চন্দনকাঠ পাচারের একটি ঘটনা তদন্ত করছেন তিনি। ভারতের অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের বাসিন্দা নিত্যার সঙ্গে বনাঞ্চলের রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। তার বাবা ভারতীয় বন পরিষেবার কর্মকর্তা ছিলেন। বন রক্ষা করতে গিয়ে প্রাণ হারান তিনি। বাবার সেই স্মৃতি ও বনাঞ্চলের প্রতি দায়বদ্ধতা নিত্যার চরিত্রকে দিয়েছে ভিন্ন মাত্রা।
নির্মাতাদের ভাষায়, নিত্যার মধ্যে রয়েছে সততা, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সমন্বয়। চরিত্রটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সাই পল্লবীর ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন লিখেছেন, ‘কুইন ইজ ব্যাক’।
আরেকজনের মন্তব্য, ‘সাই এমন কিছু করছেন, যা দারুণ হতে যাচ্ছে।’ কেউ কেউ চরিত্রটিকে সাই পল্লবীর দেখা সবচেয়ে ‘কুল’ চরিত্রগুলোর একটি বলেও মন্তব্য করেছেন। ধানুশের সঙ্গে সাই পল্লবীর পর্দার রসায়ন নিয়েও উচ্ছ্বসিত ভক্তরা।
এর আগে ‘রাউডি বেবি’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। নতুন সিনেমায় তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এক ভক্ত লিখেছেন, ‘রাউডি বেবি জুটি আবার ফিরেছে।’
এদিকে সাই পল্লবীর বলিউড অভিষেকের সিনেমা ‘রামায়ণ’ নিয়েও চলছে আলোচনা। এতে সীতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে যশ। আগামী ৫ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
সম্প্রতি ‘রামায়ণ’ সিনেমার ‘মঙ্গল রং’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। রাম ও সীতার সম্পর্ক এবং তাদের একসঙ্গে পথচলাকে কেন্দ্র করে তৈরি গানটি অবশ্য সংগীতের বাইরেও নানা কারণে আলোচনায় এসেছে। গানে কাওয়ালির আদলের সুর ব্যবহার করায় এ আর রহমানের সমালোচনা করেছেন কেউ কেউ।
পাশাপাশি রামের গায়ে হলুদ লাগানোর একটি দৃশ্যে সীতার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। যদিও কেউ কেউ মনে করছেন, দৃশ্যটি অভিষেক বা রাজ্যাভিষেকের কোনো আয়োজনের অংশ হতে পারে। ‘রামায়ণ’ নিয়ে এমন আলোচনা-সমালোচনার মধ্যেই ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ সাই পল্লবীর নতুন লুক ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত সিনেমাটিতে ধানুশ ও মাম্মুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে সিনেমাটি ১৬ অক্টোবর মুক্তির কথা ছিল।
তবে রজনীকান্তের ‘জেলার ২’-এর মুক্তির সময়সূচির সঙ্গে সংঘাত এড়াতে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। ধানুশ নিজেই গত মাসে মুক্তির তারিখ পরিবর্তনের কথা জানান এবং সিদ্ধান্তটির পেছনে রজনীকান্তের প্রতি তার শ্রদ্ধার বিষয়টি উল্লেখ করেন।
ডিসি/আপ্র/২৭/১০/২০২৬