মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পর সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় লোকজন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্তসংলগ্ন প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটাতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন।
আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তাঁর দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁকে ছেড়ে না দেওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় কৃষককে ধরে আনেন। তাঁদের একজন সচিন কর্মকার এবং অপরজন নারায়ণ দেব।
পরে বেলা দুইটার দিকে এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আবদুল মান্নানকে বিজিবির কাছে এবং স্থানীয় লোকজনের আটক করা দুই ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পতাকা বৈঠকে আবদুল মান্নানকে ফেরত দেওয়া হয়েছে। একইভাবে এলাকাবাসীর আটক করা দুই ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হয়েছে।
এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশের পর তাঁকে আটক করা হয়। আজিবর রহমান কাজিয়ার চর এলাকার নুরুল মিয়ার ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাঁরা বিএসএফ সদস্যদের সামনে পড়লে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান বিএসএফের হাতে আটক হন।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করেছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সানা/ডিসি/আপ্র/১১/৮/২০২৬