একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে গত দুই বছরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষ ও যোগ্য জনবল একটি আধুনিক বন্দরের অন্যতম প্রধান শক্তি। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যম বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং বন্দরের কার্যক্রমে আরো গতিশীলতা এসেছে।
সংস্থাটি আরো জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দরের কার্যক্রমে গতি বাড়ানো, কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে সরাসরি নিয়োগ পেয়েছিলেন ১৪৪ জন কর্মকর্তা-কর্মচারী। একই সময়ে পদোন্নতি পেয়েছিলেন ৭৯৯ জন।
অন্যদিকে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মাত্র দুই বছরেই সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে ২০৮ জনকে এবং পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারী।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে চট্টগ্রাম বন্দরে মোট সরাসরি নিয়োগের প্রায় ৫৯ শতাংশ এবং মোট পদোন্নতির প্রায় ৬৫ শতাংশই সম্পন্ন হয়েছে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী দুই বছরে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ধারা অব্যাহত রাখা হবে।
সানা/কেএমএএ/আপ্র/১৩/৭/২০২৬