এম ডি নজরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাটে তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাঁদের অভিযোগ, সাংবাদিকদের হয়রানি এবং সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করতেই এ মামলা করা হয়েছে।
বক্তারা বলেন, সাংবাদিকরা কোনো অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করলে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধ করা যাবে না। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বন্ধ এবং সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সানা/কেএমএএ/আপ্র/১৩/৯/২০২৬