বিতর্কিত আত্মজীবনী ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির মুখে যে শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন, প্রায় দুই দশক পর সেই কলকাতায় ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছান তসলিমা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে তাঁর পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি এবং চোখে ছিল কালো সানগ্লাস।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তসলিমা বলেন, ‘খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’
কলকাতায় আসার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’
শনিবার কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমার। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানান দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের সহিংসতার পর কলকাতা ছাড়ার পর এবারই প্রথম এ শহরে কোনো জনসম্মুখের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তসলিমা।
আয়োজক সংগঠন ‘সেক্যুলার মিশন’ ও ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ তসলিমাকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, মৌলবাদের বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অবস্থান এবং বাকস্বাধীনতার পক্ষে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দীর্ঘ নির্বাসনের পর প্রত্যাবর্তন: ১৯৬২ সালে ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা নাসরিন আশির দশকে কবি হিসেবে বাংলাদেশের সাহিত্যাঙ্গনে পরিচিতি পান। নারীর অধিকার, লিঙ্গসমতা এবং ধর্মীয় রক্ষণশীলতার সমালোচনা নিয়ে লেখালেখির কারণে তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েন।
হত্যার হুমকির মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় বসবাসের পর ২০০৪ সালে ভারতের পশ্চিমবঙ্গে যান।
কলকাতায় তাঁর অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৭ সালে তাঁর লেখা ও বক্তব্যকে ঘিরে সহিংস প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার তাঁকে কলকাতা ছাড়তে বাধ্য করে।
এরপর কয়েকবার কলকাতায় আসার উদ্যোগ নিলেও নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন অনুষ্ঠান বাতিল হয়ে যায়। দীর্ঘ ১৯ বছর পর আবারো সেই কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
সানা/আপ্র/৩১/৭/২০২৬