কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক কর্মী পুনর্গঠন প্রক্রিয়ায় ভুল হয়েছে বলে কর্মীদের কাছে স্বীকার করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ এক বার্তায় তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত বাস্তবতায় কর্মী কাঠামো পুনর্গঠনের সময় কিছু ভুল হয়েছে এবং ভবিষ্যতেও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।
রয়টার্সের দেখা ওই অভ্যন্তরীণ বার্তায় জাকারবার্গ লিখেছেন, “এই পরিবর্তনগুলোর জটিলতার কারণে আমরা ভুল করেছি এবং প্রায় নিশ্চিতভাবেই আরো ভুল করব।” তবে তিনি জানান, আগামী দিনে সাংগঠনিক পরিবর্তনের ক্ষেত্রে যতটা সম্ভব স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে গুরুত্ব দেওয়া হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উন্নয়নে মেটা শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক পুনর্গঠন ও বিনিয়োগের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই প্রেক্ষাপটে মেটাও নিজেদের কার্যক্রমকে আরো বেশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
জাকারবার্গ বলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত প্রতিশ্রুতি দিতে চান না। কারণ, প্রযুক্তি ও বৈশ্বিক পরিস্থিতি এমন গতিতে পরিবর্তিত হচ্ছে, যার অনেকটাই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে।
একই সঙ্গে তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে, চলতি বছরে মেটাজুড়ে আর কোনো বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই।
গত মে মাসে মেটা বড় পরিসরে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করে। সে সময় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করা হয়। পাশাপাশি প্রায় ৭ হাজার কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন কর্মপ্রবাহ ও প্রকল্পে স্থানান্তর করা হয়।
জাকারবার্গ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কাজে পুনর্নিয়োজিত কর্মীদের জন্য নতুন ভূমিকা তৈরির চেষ্টা করছে মেটা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব সৃষ্টি করার মাধ্যমে কিছু দলের আকার ছোট করা সম্ভব হয়েছে। একই সঙ্গে কোথাও ভুল হলে কর্মীদের পুনরায় আগের দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগও রাখা হয়েছে।
কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দলের মধ্যে সহযোগিতা জোরদারে নতুন বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের বাইরে আয়োজিত কর্মসূচি, করপোরেট অনুষ্ঠান এবং দলভিত্তিক কার্যক্রমে ব্যয় বাড়ানো হবে। পাশাপাশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিয়ে যৌথ উন্নয়ন ও উদ্ভাবন ত্বরান্বিত করতে আগামী জুলাইয়ে বৃহৎ পরিসরের একটি হ্যাকাথন আয়োজনের প্রস্তুতি চলছে।
ব্যবস্থাপকদের ওপর অতিরিক্ত তদারকি দায়িত্ব আরোপ নিয়ে কর্মীদের উদ্বেগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মেটা। জাকারবার্গ বলেন, প্রতিষ্ঠানটি এমন চর্চা কমিয়ে আনার পরিকল্পনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, মেটার নতুন অ্যাপ্লাইড কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশল ইউনিটে তুলনামূলক সমতল ব্যবস্থাপনা কাঠামো অনুসরণ করা হয়েছে। সেখানে একজন ব্যবস্থাপকের অধীনে সর্বোচ্চ ৫০ জন কর্মী কাজ করছেন। সূত্র: রয়টার্স
সানা/ডিসি/আপ্র/১৪/৬/২০২৬