বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটে পড়েছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা সেবাটিতে প্রবেশ ও তা ব্যবহারে নানা সমস্যার মুখে পড়েন। একই বিভ্রাটের প্রভাব পড়েছে প্রোগ্রামিংয়ের কাজে চ্যাটজিপিটির বিশেষ সেবা কোডেক্সেও।
চ্যাটজিপিটিতে প্রবেশের পর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল আপনাআপনি ডাউনলোড হওয়ার মতো ঘটনার কথাও কিছু ব্যবহারকারী জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এ ধরনের অভিযোগের কথা উল্লেখ করেছে। বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে রসিকতাও করেছেন। কেউ কেউ বলেছেন, চ্যাটজিপিটি কাজ না করায় এবার বাধ্য হয়েই নিজেদের মস্তিষ্ক ব্যবহার করতে হচ্ছে।
বাংলাদেশে অবশ্য বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছিল। অর্থাৎ বিভ্রাটের প্রভাব সব ব্যবহারকারী বা সব অঞ্চলে একই মাত্রায় পড়েনি।
চ্যাটজিপিটির পাশাপাশি কোডেক্সেও সমস্যা
বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটিতে সীমাবদ্ধ থাকেনি। প্রোগ্রামিং ও সফটওয়্যার উন্নয়নের কাজে ব্যবহৃত কোডেক্স সেবাতেও ত্রুটি দেখা দেয়। চ্যাটজিপিটি ও কোডেক্স—দুই সেবাতেই বাড়তি ত্রুটির বিষয়টি নিজেদের সেবার অবস্থা-সংক্রান্ত পাতায় নিশ্চিত করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যাটি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা সমস্যাটি সম্পর্কে অবগত এবং সমাধানের কাজ চলছে। পরে দেওয়া হালনাগাদ তথ্যে জানানো হয়, কিছু ক্ষেত্রে সেবার মান তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
চ্যাটজিপিটির ওপর নির্ভরশীল বিভিন্ন ওয়েবসাইট ও মুঠোফোনের অ্যাপেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধার জন্য ওপেনএআইয়ের সেবার ওপর নির্ভরশীল প্ল্যাটফর্মগুলো এ ধরনের বিভ্রাটে সমস্যায় পড়তে পারে।
প্রতিদ্বন্দ্বী সেবাতেও দেখা দেয় সমস্যা
চ্যাটজিপিটির এই বড় বিভ্রাটের সময় প্রতিদ্বন্দ্বী কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেবাতেও সমস্যার খবর পাওয়া যায়। অ্যানথ্রপিকের তৈরি ক্লড এবং ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের গ্রক ব্যবহারেও কিছু ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। তবে এসব সেবার ক্ষেত্রে সমস্যার ব্যাপ্তি তুলনামূলক কম ছিল এবং অনেক ব্যবহারকারীর জন্য সেগুলো সচল ছিল।
সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটি ও এর সংশ্লিষ্ট বিভিন্ন সেবায় একাধিকবার কারিগরি ত্রুটি দেখা গেছে। ওপেনএআইয়ের প্রকাশিত সেবার ইতিহাসেও চলতি বছরের বিভিন্ন সময়ে চ্যাটজিপিটি, কোডেক্স ও সংশ্লিষ্ট সেবায় ত্রুটির একাধিক ঘটনা নথিভুক্ত রয়েছে।
সানা/আপ্র/৪/৯/২০২৬