ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সংগৃহীত অর্থ জরুরি চিকিৎসা ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তহবিল সংগ্রহের খবর জানিয়ে হামজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গাজার শিশুদের জন্য আমরা ১০ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’
এই উদ্যোগে সহায়তার জন্য নুজুম স্পোর্টসকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে অংশ নেওয়া, অর্থ দান ও বিভিন্নভাবে সহযোগিতা করা সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন হামজা।
তিনি জানান, সংগৃহীত অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের সংস্থার মাধ্যমে গাজার শিশুদের চিকিৎসাসহায়তায় কাজে লাগানো হবে। জরুরি চিকিৎসার জন্য যেসব শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন, তাদের সহায়তায় ব্যয় হবে এই অর্থ।
এত অল্প সময়ে তহবিল সংগ্রহে সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে হামজা বলেন, গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তা সামান্য হলেও প্রতিটি উদ্যোগ পরিবর্তন আনতে পারে। পোস্টের শেষে ফিলিস্তিনের মানুষের কষ্ট দূর হওয়া এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন তিনি।
আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলতে হামজার ৮ বা ৯ নভেম্বর দেশে আসার কথা রয়েছে। ক্লাবের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এই মিডফিল্ডার।
ডিসি/ আপ্র/২৯/১০/২০২৬