ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার বন্যা আক্তার। বৃহস্পতিবার সোলাইমানিয়াহতে কাজাখস্তানের বারলেভা মিলানাকে ১৪৫-১৪৩ স্কোরে হারিয়ে শিরোপা জেতেন তিনি।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেট ২৮-২৮ পয়েন্টে সমতায় শেষ হয়। দ্বিতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে জেতেন বন্যা। পরের দুই সেটও ২৯-২৯ পয়েন্টে সমতায় শেষ হলে চতুর্থ সেট পর্যন্ত ১১৫-১১৪ ব্যবধানে এগিয়ে ছিলেন বাংলাদেশের এই আর্চার। শেষ সেট জিতে সোনা নিশ্চিত করেন তিনি।
এই প্রতিযোগিতায় তিনটি সোনা, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ।
দিনের অন্য ইভেন্টে রিকার্ভ নারী এককের ফাইনালে ইরানের ফাল্লাহ মোবিনার কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে রুপা জেতেন সাইমা সালাহ উদ্দিন। রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে আজারবাইজানের আলিয়েন মাহাম্মাদালির কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান আব্দুর রহমান আলিফ।
রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতে বাংলাদেশ। দলের হয়ে খেলেন আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে কাজাখস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতেন শ্যামলী রায়, সীমা আক্তার সিমু ও সাইমা। রিকার্ভ মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের কাছে ৫-৩ সেট পয়েন্টে হারে আলিফ-সাইমা জুটি।
এর আগের দিন কম্পাউন্ড নারী দলগত ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জেতেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। কম্পাউন্ড পুরুষ ও মিশ্র দলগত বিভাগে রুপা জেতে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জ পান।
ডিসি/ আপ্র/২৯/১০/২০২৬