টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছুটির পর সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবির নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভিপি মঈনুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার পাশের সিএনজি পাম্পের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দায়িত্বে থাকা ভাই ও স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহপাঠী ও স্বজনেরা।
এদিকে এ দুর্ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিপি মঈনুল ইসলাম অভিযোগ করেন, ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণে প্রশাসনের দীর্ঘসূত্রিতা ও উদাসীনতার কারণে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে প্রধান সড়ক পারাপার করতে হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাপ্তরিক কার্যক্রম কিছতা এগোলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ওই স্থানে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভিপি মঈনুল ইসলাম।
কেএমএএ/আপ্র/২৯.১০.২৬