স্কটল্যান্ডকে ৭০-২০ পয়েন্টে হারিয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখান মিজানুর-নাসিররা।
পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে আসর শুরু করেছিল দলটি। তবে দ্বিতীয় ম্যাচে কেনিয়ার কাছে ৩২-৩১ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।
এরপর সিঙ্গাপুরকে ৬০-২৮ এবং অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যায় দলটি। স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এবার শেষ চারের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ।
ডিসি/ আপ্র/২৯/১০/২০২৬