প্রথমবারের মতো এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে খেলতে যাওয়া বাংলাদেশের শুরুর অভিজ্ঞতা হলো ভীষণ তেতো। শুরু থেকে শেষ পর্যন্ত কেবল গোল হজম করে গেলেন সারিকা-রিয়ারা।
শক্তিশালী চীনের বিপক্ষে পাত্তাই পেলেন না তারা। বাংলাদেশ পুল পর্ব শুরু করল বড় হার দিয়ে।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে রোববার এই ইভেন্টের চারবারের সোনাজয়ী চীনের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। পুল-এতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার মালয়েশিয়ার বিপক্ষে খেলবে দলটি। সবশেষ ২০১০ এশিয়ান গেমসে হকিতে সেরা হওয়া চীনের গোল উৎসব শুরু হয় চতুর্থ মিনিটে।
শেষ হয় ৫৭তম মিনিটে। এর মাঝে নিয়মিত বিরতিতে জালের দেখা পেয়েছে তারা।
প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে তিনটি এবং চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুটি গোল করে তারা। চীনের ঝং জিয়াকি সর্বোচ্চ তিন গোল করেন। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেন জোড়া গোল। লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একবার করে জালের দেখা পান।
ডিসি/আপ্র/২০/০৯/২০২৬