বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১০ নভেম্বর) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ধরনের প্রচেষ্টাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশকে এভাবে বিকৃত করে দেখানোর চেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।”
ঢাকার দৃশ্যকে দিল্লির বলে প্রচারের পেছনে বিদেশিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, “মিথ্যা তথ্য বা গল্প সাজানোর এই চেষ্টা মূলত যারা এসব করাচ্ছে এবং যারা ভিডিও ধারণ করছে, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়।”
ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য বলে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করছেন। চীনা ভিডিও নির্মাতারা ঢাকার টেকপাড়া ও উত্তরার মতো এলাকাকে ভারতের রাজধানী হিসেবে পরিচয় করিয়ে সেখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে নানা কটূক্তিও করছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১ নভেম্বর মিয়নমিয়ন নামের এক চীনা নারী উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি সম্প্রচারের সময় এলাকাটিকে নয়াদিল্লি বলে দাবি করেন। এ সময় তিনি সেখানকার ঘরবাড়ি, পরিবেশ ও জীবনযাত্রা নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।
অন্য একটি ঘটনায় ওয়াং ওয়েই নামের এক ভিডিও নির্মাতা টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণের সময় স্থানীয়দের চা পান নিয়ে কটূক্তি করেন। তিনি চাকে ‘গরুর মূত্রের চা’ বলে মন্তব্য করেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব ভুয়া ভিডিও উইচ্যাট ও ডাউইনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অনুমতি ছাড়াই মানুষের ঘরের ভেতর, রান্নাঘর ও ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে ভিডিও ধারণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় কিছু ব্যক্তি দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে চীনা নাগরিকদের এসব এলাকা ঘুরে দেখতে সহায়তা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। তবে কেন এসব ভিডিও করা হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: এএনআই
সানা/আপ্র/১০/১১/২০২৬