গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন
ছবি

ব্রিটিশ লেখক জন হ্যারিসন -ছবি ইপিএ

ডিস্টোপীয় ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এ পুরস্কার জয়ের মধ্য দিয়ে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে এক অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের পুরস্কার জয়ের মধ্য দিয়ে সংক্ষিপ্ত তালিকায় থাকা আগে একবার বুকারজয়ী ডগলাস স্টুয়ার্ট ও মার্লন জেমসের মতো লেখকদের পেছনে ফেলেছেন হ্যারিসন।

‘দ্য এন্ড অব এভরিথিং’ হ্যারিসনের লেখা ত্রয়োদশ উপন্যাস। এতে ফিলিপ টেনেন্ট নামের এক ব্যক্তি এবং তার বৃদ্ধা খালা মার্নির গল্প তুলে ধরা হয়েছে। সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার বহু বছর পর ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে ‘আইগেটি’ নামে রহস্যময় এক অস্তিত্বের আবির্ভাব ঘটে। উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে এই প্রেক্ষাপটে।

বিশ্লেষক ও সমালোচকদের মতে, উপন্যাসটি মানবীয় বোধগম্যতার সীমারেখা নিয়ে পাঠককে গভীর অনুসন্ধানের মুখোমুখি দাঁড় করায়। এর গল্প নতুন চিন্তার খোরাক জোগানোর পাশাপাশি পাঠকের মুখে বাঁকা হাসি ফোটায়। বিষয়বস্তুর জটিলতা সত্ত্বেও এতে আশাবাদের সুর রয়েছে।

উপন্যাসিক ও সমালোচক হিসেবে ছয় দশকের দীর্ঘ কর্মজীবনে কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি ধারার সাহিত্য রচনা করে সুনাম অর্জন করেছেন হ্যারিসন। তবে এটিই তার প্রথম বুকার জয়। কল্পনানির্ভর সাহিত্যের জন্য এ পুরস্কার জয়কে বিরল ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১৯৮ পৃষ্ঠার উপন্যাসটি বিচারকমণ্ডলী সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন। বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড বইটিকে ‘ভবিষ্যতের আয়নায় বর্তমান রাজনীতির ছবি’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “বইটি এমন একটি সমাজকে চিত্রিত করে, যা এমন এক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে, যার প্রকৃত স্বরূপ সেখানকার বাসিন্দারাও পুরোপুরি অনুধাবন করতে পারছে না।”

পুরস্কার গ্রহণের সময় হ্যারিসন বলেন, “শিল্পায়িত সাহিত্যের এই যুগেও এমন সাহিত্য পুরস্কারের গুরুত্ব অপরিসীম।”

এর আগে গত আগস্টে বুকার ট্রাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন জানিয়েছিলেন, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট তাকে উপন্যাসটি লিখতে অনুপ্রাণিত করেছিল। পৃথিবী সম্পর্কে মানুষের প্রত্যাশা ও ব্যাখ্যা যখন নিরবচ্ছিন্ন বিপর্যয়ে রূপ নেয়, অথচ সেই পরিস্থিতির মধ্যেও জীবনসংগ্রাম চালিয়ে যেতে হয়, তখন কী ঘটে- মূলত সেই প্রশ্নই তুলে ধরেছে উপন্যাসটি।
সানা/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া
১০ নভেম্বর ২০২৬

প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল- এমন ধারণাকে আরো জোরাল...

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের
১০ নভেম্বর ২০২৬

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ...

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন
১০ নভেম্বর ২০২৬

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পা...

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই