গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সলের জয়, ‘সত্যের বিজয়’

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০২:২৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫৪ এএম ২০২৬
জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সলের জয়, ‘সত্যের বিজয়’
ছবি

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে হারিয়ে বিজয়ী হওয়ার পর মির্জা ফয়সল বলেছেন, ‘এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। এই জয় সাধারণ মানুষের বিজয়। এই জয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর বিজয়।’

বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনে সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটিতে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। আসনটিতে হিন্দু ভোটারের সংখ্যা ১ লাখ ৩০ হাজারের বেশি।

নির্বাচনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৯ হাজার ৫টি। ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। বিভিন্ন ধরনের কারিগরি ও নিয়মগত ত্রুটির কারণে ৫ হাজার ৩২৫টি ভোট বাতিল হয়েছে।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ, জামায়াতের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনেই বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মির্জা ফয়সল আমীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
সানা/আপ্র/৩০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৬

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দলের নেতাদের নিন্দা, রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির
২৭ অক্টোবর ২০২৬

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না - পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরে...

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের
২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই