গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

তাহসিফের মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে বিভিন্ন সংস্থা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
তাহসিফের মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে বিভিন্ন সংস্থা
ছবি

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরী -ছবি সংগৃহীত

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা। তাঁর মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে। ভিডিও ফুটেজ সংগ্রহ, নিখোঁজ মোটরসাইকেলের সন্ধান, মুঠোফোনের কল তালিকা বিশ্লেষণ এবং ব্যক্তিগত বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসব সংস্থার কর্মকর্তারা বলছেন, ঘটনাটিকে হত্যাকাণ্ডের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণের অপেক্ষা করা হচ্ছে।

গত বুধবার  (২৮ অক্টোবর)  বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি। এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনের বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি।

তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের দাবি, তাঁর ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ এবং মধ্যরাত পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। সিসিটিভি ফুটেজেও দ্বীপের সঙ্গে মোটরসাইকেলে তাহসিফকে বাসা থেকে বের হতে দেখা গেছে।

তবে মধ্যরাতে তাহসিফের মুঠোফোন থেকে তাঁর মায়ের মুঠোফোনে একটি বার্তা আসে, যাতে তিনি বাসায় ফিরছেন বলে জানানো হয়েছিল।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাহসিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম অভিযোগ করেছেন, ছেলেকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ তাঁকে ফোন করে ডেকে নিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে দ্বীপ সংবাদমাধ্যমকে বলেন, বাসা থেকে বের হওয়ার পর তাঁরা তাহসিফের মোটরসাইকেল মেরামতের জন্য একটি গ্যারেজে যান। পরে উত্তরার রুআপ শপিং কমপ্লেক্সের ‘কুকরুক্কু’ রেস্তোরাঁয় রাতের খাবার খান। সেখান থেকে বেরিয়ে দুজন নিজ নিজ মোটরসাইকেলে ফিরছিলেন। উত্তরা হাউস বিল্ডিং এলাকা পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে আলাদা হয়ে যান।

তাহসিফের মৃত্যু ঘিরে নানা গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্তের আগে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তদন্তে নৌ পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানা, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বৃহস্পতিবার রাত ১০টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তাহসিফের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাঁর দাফন শেষে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়ে থানায় আসবেন বলে ধারণা করছেন তাঁরা।

তাহসিফের মোটরসাইকেল নিখোঁজ থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটা নদীতে আছে নাকি কেউ নিয়ে গেছে, বিষয়টি নৌ পুলিশ তদন্ত করে দেখবে।”

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিমের ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। ব্যক্তিগত শত্রুতার কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

“এ ঘটনার ব্যাপারে আমরাও খোঁজ নিচ্ছি, নৌ পুলিশকে সহায়তা করছি,” বলেন তিনি।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “মামলা না হলেও এ ঘটনা তদন্তের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা অগ্রসর হচ্ছি।”

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তাঁদের দল মাঠে কাজ করছে। তিনি বলেন, “আমাদের টিম মাঠে কাজ করছে, আমরা চেষ্টা করছি প্রকৃত ঘটনা বের করতে।”

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, তদন্তকারী সংস্থা নৌ পুলিশকে সব ধরনের সহযোগিতা দিতে গোয়েন্দা পুলিশ প্রস্তুত রয়েছে। “নৌ পুলিশ তদন্তকারী সংস্থা হলেও আমরা খোঁজ নিচ্ছি,” বলেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিডিও ফুটেজ সংগ্রহ, মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা, মুঠোফোনের কল তালিকা বিশ্লেষণ এবং কারও সঙ্গে তাহসিফের বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে ঘটনাস্থলের আশপাশের নদীতেও তল্লাশি চালানো হতে পারে।

এদিকে তাহসিফের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় নৌ পুলিশ। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) বিকেল চারটার দিকে মরদেহ তাঁর বাসায় নেওয়া হয়। পরে স্থানীয় মসজিদে জানাজা শেষে সন্ধ্যায় উত্তরার ১২ নম্বর সেক্টরের গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
সানা/আপ্র/৩০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন বিধিমালা, সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার
৩০ অক্টোবর ২০২৬

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন বিধিমালা, সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন বিধিমালা...

বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান
৩০ অক্টোবর ২০২৬

বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সাম...

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যেতে পারে রূপপুরের বিদ্যুৎ
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যেতে পারে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের প্রস্তুতিতে আর...

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
২৯ অক্টোবর ২০২৬

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর

বিচারিক সিদ্ধান্ত, রায় লেখা ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সতর্ক থাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই