বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য দরপত্র ছাড়াই ২০০টি বিদ্যুৎচালিত বাস কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এসব বাসের একটি অংশ শহরের নারী যাত্রীদের চলাচলের জন্য বিশেষভাবে বরাদ্দ রাখা হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের আওতায় সরকারি অর্থায়নে বিআরটিসির জন্য এসব বাস কেনা হবে।
নীতিগত অনুমোদনের আওতায় ২০০টি বিদ্যুৎচালিত বাস কেনার পাশাপাশি বাস পরিচালনার জন্য চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজও সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
সরকারি ক্রয়বিধি অনুযায়ী গণখাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে দরপত্র ছাড়া কেনাকাটার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হয়।
জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার বিদ্যুৎচালিত যানবাহন ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি ও বেসরকারি উভয় খাতে বিদ্যুৎচালিত বাস আমদানির জন্য বিভিন্ন ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এর আগে স্কুলগামী শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিদ্যুৎচালিত বাস আমদানিতেও শুল্ক সুবিধা দেওয়া হয়েছিল।
গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাসসেবা চালুর বিষয়টি নিয়ে সরকার আগে থেকেই আলোচনা করে আসছিল। বিএনপিও নারী যাত্রীদের জন্য বিশেষ বিদ্যুৎচালিত বাসসেবা চালুর প্রতিশ্রুতি দিয়ে আসছিল।
গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. শামসুল হকের বৈঠকে রাজধানীতে ১৮০ দিনের মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসসেবা চালুর বিষয়ে আলোচনা হয়।
সেই আলোচনার প্রায় পাঁচ মাস পর সরকার বিদ্যুৎচালিত বাস কেনার এই নীতিগত অনুমোদন দিল।
সানা/আপ্র/৭/৮/২০২৬