গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হোলি আর্টিজান হামলার এক দশক, স্মরণে নতুন আয়োজন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:১৫ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:২৭ এএম ২০২৬
হোলি আর্টিজান হামলার এক দশক, স্মরণে নতুন আয়োজন
ছবি

হামলাকারী পাঁচ তরুণ- নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল, মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ও খায়রুল ইসলাম ওরফে পায়েল -ছবি সংগৃহীত

দেশি-বিদেশি ২০ জনকে হত্যার মধ্য দিয়ে বিশ্বকে নাড়িয়ে দেওয়া গুলশানের হোলি আর্টিজান হামলার এক দশক পূর্ণ হলো। ২০১৬ সালের ১ জুলাই রাতের সেই নৃশংস জঙ্গি হামলা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

দশ বছর পূর্তি উপলক্ষে এবার সব দূতাবাসের সমন্বয়ে ইতালি দূতাবাসে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। তবে আগের বছরের মতো ঘটনাস্থলে গিয়ে শ্রদ্ধা জানানোর কোনো কর্মসূচি থাকছে না।

২০১৬ সালের ১ জুলাই ইফতারের পর রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় পাঁচ তরুণ। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারা নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির সদস্য ছিল। রাতভর জিম্মি পরিস্থিতির অবসান ঘটে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে। অভিযানে পাঁচ হামলাকারী—নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল, মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ও খায়রুল ইসলাম ওরফে পায়েল—নিহত হয়। হামলার আগে তারা সবাই নিজ নিজ পরিবার ছেড়ে নিখোঁজ হয়েছিল।

হামলায় নিহত হন নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয়, দুজন বাংলাদেশি এবং একজন বাংলাদেশি-আমেরিকান নাগরিক। হামলা প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান পুলিশের দুই কর্মকর্তা।

হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে গুলশান থানার সামনে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্য ২০২৪ সালের আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়। এখন পর্যন্ত সেটি পুনর্র্নিমাণ করা হয়নি। একইভাবে, তাদের স্মরণে পুলিশের বার্ষিক পুষ্পার্ঘ্য অর্পণের কর্মসূচিও অন্তর্বর্তী সরকারের সময় পালন করা হয়নি।

অতীতে প্রতিবছর জাপান ও ইতালির দূতাবাসের কর্মকর্তারা হোলি আর্টিজানের ঘটনাস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন। গত বছর সেই কর্মসূচি হয়নি। এবার সব দূতাবাসের সমন্বয়ে ইতালি দূতাবাসে স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ।

তিনি বলেন, “দূতাবাসগুলো সমন্বয় করে ইতালি দূতাবাসে এ দিনটি স্মরণ করবে। তবে ঘটনাস্থলে শ্রদ্ধা জানানোর কোনো কর্মসূচি নেই।”

নিহত দুই পুলিশ কর্মকর্তার প্রতি পৃথক শ্রদ্ধা নিবেদন বা ‘দীপ্ত শপথ’ পুনর্র্নিমাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাদের ব্যাপারে এই দিনে কোনো কর্মসূচি নেই। সব পুলিশের আত্মত্যাগের বিষয়ে আমরা নির্ধারিত কর্মসূচি পালন করে থাকি, পৃথকভাবে কিছু করা হয় না।”

হামলার ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলার বিচার প্রায় সাড়ে তিন বছর চলে। তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামির মৃত্যুদণ্ডের রায় দেয়। পরে ২০২৩ সালের ৩০ অক্টোবর ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে হাই কোর্ট তাদের সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ এবং মামুনুর রশিদ রিপন। হামলার মূল পরিকল্পনাকারীদের অধিকাংশই পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানানো হয়।

হামলার এক দশক পূর্তিতে দেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা নিয়েও আলোচনায় এসেছে ভিন্নধর্মী সরকারি বক্তব্য। ২০২৫ সালে তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছিলেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি নেই; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান চ্যালেঞ্জ ছিনতাই দমন। একই ধরনের অবস্থান তুলে ধরেন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত এপ্রিল মাসে তিনি বলেন, দেশে বর্তমানে ‘জঙ্গি’ তৎপরতা নেই; কিছু উগ্রপন্থী বা চরমপন্থী গোষ্ঠী থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশেই এমন প্রবণতা দেখা যায়।

তবে ভিন্ন মূল্যায়ন দিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তার ভাষ্য, বাংলাদেশে জঙ্গিবাদ ছিল এবং এখনও সেই ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের সময়ে এ ধরনের মতাদর্শে বিশ্বাসীদের আরও সংগঠিত হওয়ার প্রবণতা দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন।
সানা/আপ্র/১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে