আট মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজ করছেন চুটিয়ে।
বলিউডের এই অভিনেত্রীর দ্বিতীয় সন্তান জন্মের সময় এগিয়ে এসেছে। তাই দক্ষিণের অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমার শুটিং শেষ করার কাজে নায়িকা এখন ব্যস্ত।
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে পিছপা নন তিনি। দীপিকার এই পেশাদারত্বের প্রশংসা করেছে টিমের সদস্যরা। তাদের একজন জানিয়েছেন প্রয়োজন হলে দীপিকা রাত পর্যন্ত কাজ করছেন। কলাকুশলীরা তার নিষ্ঠা দেখে মুগ্ধ।
তবে সোশাল মিডিয়ায় দীপিকার শুটিংয়ের খবর ছড়ালে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। যদিও এই প্রথম নয়। প্রথম সন্তান যখন গর্ভে, তখনও শুটিং বাদ দেননি দীপিকা। সেই সময়ে চলছিল ‘কল্কি ২৮৯৮ এডি’র শুটিং। বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও ছিলেন দীপিকা।
অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি রয়েছেন রাশমিকা মানদানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মত অভিনেত্রীরাও। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসির মিশেলে তৈরি এই সিনেমায় বড় মাপের অ্যাকশন দৃশ্যও রেখেছেন অ্যাটলি। ‘রাকা’ মুক্তি পাচ্ছে ২০২৭ সালে।
এছাড়া বছর শেষে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় পর্দায় আসবেন দীপিকা। এদিকে সন্তান জন্মের আগে স্ত্রী ও প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের কাছ থেকে কোনোভাবেই দূরে থাকতে চাইছেন না রাণবীর সিং। তাই সে সময় ‘প্রলয়’ সিনেমার কাজ থাকলেও, সেসব সরিয়ে রেখে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। প্রায় ছয় বছর প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
বিয়ের ছয় বছরের মাথায় ২০২৪ সালে এই দম্পতির কোলে আসে প্রথম সন্তান।
ডিসি/আপ্র/১৫/০৮/২০২৬