রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় হামলায় মো. সুমন আলী (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তাঁর ছেলে ফাহিমকে ছুরিকাঘাত ও মারধর করে আহত করা হয়েছে। আহত বাবা-ছেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, কেরানীগঞ্জে ফরহাদ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে বসিলার মহিরগোলা এলাকায় তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতদের স্বজন পারভেজ জানান, সুমন আলী ও তাঁর ছেলে ফুটপাতে ভ্যানে করে আলু-পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামাল বিক্রি করেন।
গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের আর্শীনগরে একটি সেলুনে কুপিয়ে ফরহাদকে হত্যা করা হয়। ফুটপাতের দোকান বসানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ফরহাদ সুমন আলীর শ্যালক। ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করায় সুমন ও তাঁর ছেলের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি স্বজনদের।
পারভেজের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সোহেল, রমিজ, রাব্বি, মুন্না, ইয়ামিনসহ সাত-আটজন তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় সুমনকে গুলি করা হয় এবং তাঁর ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ময়ূর ভিলার সামনের ফুটপাতের বিভিন্ন অংশে দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। জায়গার অবস্থান অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। এ টাকা আদায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরোধ তৈরি হয়। স্থানীয় রাব্বি চিহ্নিত চাঁদাবাজ বাদল শরীফ ওরফে বাদলের দলের সদস্য বলেও অভিযোগ করেছেন তাঁরা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত বাবা-ছেলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আহতদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার রাজাবাড়ি দিঘীরপাড়। তাঁরা বর্তমানে মোহাম্মদপুরের বসিলা এলাকায় থাকেন।
সানা/আপ্র/১৬/১০/২০২৬