ন্যায়বিচার প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন ও আইনজীবী সমাজ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে সহযোগিতা এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে আইনজীবীদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলায় কর্মরত আইনজীবীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কার্যকর সহযোগিতা প্রদান এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে আইনজীবীদের জোরালো ভূমিকার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করার আহ্বান জানান।
সভায় উপস্থিত আইনজীবীরাও জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের সঙ্গে সর্বাত্মক ও সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বহু আইনজীবী উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৬/১০/২০২৬