ঢাকার ধামরাই উপজেলার দুই গ্রামের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের ৪০ পরিবারকে খাস জমি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। একই সঙ্গে বেদেপল্লির ২৫ সদস্যকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও এ সহযোগিতার আওতায় আনা হবে।
ফরিদা খানম বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচ সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে। তাই সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি বেদেপল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনায় থাকা ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনে উৎসাহিত করা হচ্ছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বেদেপল্লির বাসিন্দারা। তাঁরা বলেন, খাস জমি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তাঁদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে বেদেপল্লির পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জেলা প্রশাসক।
সানা/ডিসি/আপ্র/৮/৯/২০২৬