প্রায় ২০০ কোটি টাকা মানিলোন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী গ্রুপের চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. সেলিম মিয়া আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, আবাসন ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভীর প্রায় ২০০ কোটি টাকা মানিলোন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনে আরো বলা হয়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই বনানী থানায় মানিলোন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
দুদকের দাবি, মিজানুর রহমান ও তাঁর স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন। তাঁরা বিদেশে চলে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদন শুনে আদালত মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
সানা/কেএমএএ/আপ্র/২৮/৯/২০২৬