মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় বলিউডে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা উদ্বেগে ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করছেন তারকারা। এতে নব্বইয়ের দশকে চলচ্চিত্রশিল্পে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবের স্মৃতি ফিরে আসছে।
সাম্প্রতিক সহিংসতার সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ, কারাগারে থেকেও এই দণ্ডিত ভারতীয় গ্যাংস্টার আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করছেন।
অভিনেতা ও নিরাপত্তা সংস্থা পরিচালনাকারী রনিত রায় বলেন, তারকারা এখন দুই পাশে দেহরক্ষী নিয়ে চলাফেরা করছেন। নিরাপত্তাসেবা নেওয়ার চাহিদা বেড়েছে। আগে শুধু প্রধান অভিনেতাদের জন্য নিরাপত্তা চাওয়া হলেও এখন তাঁদের পরিবারের সদস্য ও সন্তানদের জন্যও দেহরক্ষী নিয়োগ করা হচ্ছে।
সাবেক অনুসন্ধানী সাংবাদিক ও লেখক এস হুসেন জায়েদির মতে, সুযোগসন্ধানী অপরাধীরা প্রতিষ্ঠিত গ্যাংস্টারদের কুখ্যাতি কাজে লাগাচ্ছে। এএফপিকে তিনি বলেন, কিছু অপরাধী ভয় ছড়াতে ফাঁকা গুলি ছুড়ছে। এতে মানুষের মধ্যে নব্বইয়ের দশকের মাফিয়াদের নিয়ন্ত্রিত সময় ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে অক্টোবরে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ এবং অভিনেতা তুষার কাপুরের কাছে ছয় লাখ ডলার চাঁদা দাবির অভিযোগ। টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় সংগঠিত অপরাধবিরোধী আইনে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, চাঁদা আদায়, গ্যাংয়ের আধিপত্য প্রতিষ্ঠা ও আতঙ্ক ছড়াতেই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের কথিত সদস্য অনিল পণ্ডিতকে খুঁজছে পুলিশ।
নব্বইয়ের দশকের অন্ধকার অধ্যায়
নিরাপত্তা উদ্বেগের প্রভাব তারকাদের প্রকাশ্য উপস্থিতিতেও দেখা যাচ্ছে। সম্প্রতি নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা দেওয়ার সময় অমিতাভ বচ্চনকে বুলেটপ্রুফ নিরাপত্তাবেষ্টনীর আড়ালে দেখা গেছে। শাহরুখ খানের জন্মদিনেও তাঁর বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
তবে জায়েদির মতে, নব্বইয়ের দশকের প্রভাবশালী গ্যাংস্টারদের বেশির ভাগই এখন মৃত, কারাবন্দি অথবা নিষ্ক্রিয়। বর্তমানে আলোচনায় থাকা লরেন্স বিষ্ণোইও কারাগারে। ফলে মুম্বাইভিত্তিক কোনো স্থানীয় গ্যাংস্টারের পক্ষে শহর নিয়ন্ত্রণের সুযোগ নেই।
নব্বইয়ের দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরুর সময় বলিউডের অন্ধকার অধ্যায় হিসেবে পরিচিত। তখন দাউদ ইব্রাহিম ও তাঁর সাবেক সহযোগী ছোট রাজনের মতো অপরাধী চক্র হুমকি, চাঁদাবাজি ও সহিংসতার মাধ্যমে চলচ্চিত্রের অর্থায়ন, অভিনয়শিল্পী নির্বাচন ও পরিবেশনায় প্রভাব বিস্তার করত। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলায় ২৫৭ জন নিহত হওয়ার ঘটনায় দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ছোট রাজন বর্তমানে ভারতে কারাবন্দি।
১৯৯৯ সালে সংগঠিত অপরাধ দমনে আইন প্রণয়ন ও পুলিশের অভিযান জোরদার হওয়ার পর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব কমতে থাকে। চলচ্চিত্রে করপোরেট অর্থায়ন বৃদ্ধিও এ ক্ষেত্রে ভূমিকা রাখে।
হুমকির ধরন বদলেছে
নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির শিকার হয়েছিলেন পরিচালক রাজীব রায়। ‘গুপ্ত’ সিনেমার এই পরিচালক চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি পেয়ে একপর্যায়ে যুক্তরাজ্যে চলে যান। এএফপিকে তিনি বলেন, আগে অপরাধীদের উদ্দেশ্য ছিল চাঁদা আদায়। এখন সালমান খানের সঙ্গে বন্ধুত্বের কারণে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ফলে তাদের উদ্দেশ্য বোঝা কঠিন হয়ে পড়েছে।
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। হরিণটি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, গ্যাংটির সদস্যরা সালমানের বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দিক হত্যাকাণ্ডেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
অক্টোবরে টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও অডিও বার্তা ছড়িয়ে পড়ে। এগুলো বিষ্ণোই গ্যাংয়ের এক সহযোগীর বলে দাবি করা হয়। ওই বার্তায় হামলার দায় স্বীকারের পাশাপাশি সালমান খানের সঙ্গে শ্রফের ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
অপরাধবিষয়ক সাংবাদিক আহমেদ আলীর ধারণা, সাম্প্রতিক অনেক হুমকিই ভুয়া ফোনকল হতে পারে। তাঁর মতে, বিষ্ণোইয়ের কারণে তৈরি হওয়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু মানুষ ভয় দেখানোর চেষ্টা করছে।
প্রযোজক বনি কাপুর মনে করেন, সাম্প্রতিক সহিংসতার এই ঢেউ বেশিদিন স্থায়ী হবে না। ১৯৯৭ সালে সালমান খান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব নিয়ে বিরোধের জেরে আন্ডারওয়ার্ল্ডের লোকজন একসময় তাঁকেও লক্ষ্যবস্তু করেছিল। বনি কাপুর বলেন, এখন তিনি আগের মতো ভয় অনুভব করেন না। তবে সতর্ক থাকা জরুরি এবং গুলিবর্ষণের ঘটনাগুলো উপেক্ষা করা যাবে না।
সূত্র: এএফপি
এসি/আপ্র/১৩/১১/২০২৬