গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

৭৮ বছরে হুমায়ূন আহমেদ, সৃষ্টিতে অমর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
৭৮ বছরে হুমায়ূন আহমেদ, সৃষ্টিতে অমর
ছবি

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। ১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া এই সৃজনশীল লেখক তাঁর অনন্য গল্প বলার ভঙ্গি, সহজ-সাবলীল ভাষা এবং অসাধারণ সব চরিত্রের মধ্য দিয়ে কয়েক প্রজন্মের পাঠকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী, শুভ্র কিংবা টেলিভিশন নাটকের বাকের ভাই আজও মানুষের স্মৃতি ও কল্পনায় জীবন্ত। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর বইয়ের প্রতি পাঠকের আগ্রহে ভাটা পড়েনি। নতুন প্রজন্মের পাঠকেরাও প্রতিনিয়ত আবিষ্কার করছেন তাঁর সাহিত্যজগৎ।

হঠাৎ রাস্তায় হলুদ পাঞ্জাবি পরা কোনো তরুণকে দেখলে হিমুর কথা মনে পড়ে, আবার মোটা ফ্রেমের চশমা পরা কাউকে দেখলে মনে ভেসে উঠতে পারে শুভ্রর অবয়ব। মানুষের মনোজগতের রহস্য নিয়ে ভাবতে বসলে স্মরণে আসে মিসির আলী। আর টেলিভিশনের পর্দায় একসময় দর্শকদের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া বাকের ভাই যেন এখনো রয়ে গেছেন অপেক্ষায়। চরিত্র সৃষ্টির এই অসামান্য ক্ষমতাই হুমায়ূন আহমেদকে বাংলা সাহিত্যে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ ছিলেন গৃহিণী। বাবার চাকরির সুবাদে শৈশবে দেশের বিভিন্ন স্থানে কাটে তাঁর বেড়ে ওঠা। বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন।্#ী২০;

কর্মজীবনের শুরুতে ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা শুরু করেন। একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণে পুরোপুরি মনোনিবেশ করেন। তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ হন। বাবার এই আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর সাহিত্যকর্মেও নানা মাত্রায় উঠে এসেছে।

১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। প্রথম উপন্যাস দিয়েই সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন তিনি। এরপর ‘শঙ্খনীল কারাগার’ তাঁকে পাঠকমহলে আরো পরিচিত করে তোলে। ক্রমে তাঁর লেখায় যুক্ত হয় মধ্যবিত্ত জীবনের নানা অনুষঙ্গ, মানুষের মনস্তত্ত্ব, প্রেম, বিচ্ছেদ, পারিবারিক সম্পর্ক, হাসি-কান্না ও সমাজবাস্তবতার বিচিত্র গল্প।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কোথাও কেউ নেই’, ‘দেয়াল’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আগুনের পরশমণি’, ‘বহুব্রীহি’, ‘জনম জনম’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘বৃষ্টি বিলাস’, ‘অপরাহ্ণ’, ‘অন্যদিন’ ও ‘মাতাল হাওয়া’। দুই শতাধিক কথাসাহিত্য ও অন্যান্য গ্রন্থের রচয়িতা তিনি। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা তাঁর ‘আগুনের পরশমণি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘১৯৭১’, ‘শ্যামল ছায়া’ ও ‘জোছনা ও জননীর গল্প’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘দেয়াল’ উপন্যাসেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে।


হুমায়ূন আহমেদের লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল সহজ, সাবলীল ও কথ্যভঙ্গির ভাষা। জটিল জীবনবোধ কিংবা মনস্তাত্ত্বিক বিষয়ও তিনি এমনভাবে উপস্থাপন করতেন, যাতে সাধারণ পাঠক সহজেই গল্পের সঙ্গে একাত্ম হতে পারতেন। বিশেষ করে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবন, মানুষের চাওয়া-পাওয়া, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের ছোট ছোট আনন্দ-বেদনা তাঁর লেখায় অসাধারণ দক্ষতায় ফুটে উঠেছে। এ কারণেই তাঁর সাহিত্যকর্ম শুধু শিক্ষিত ও বইপড়ুয়া মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; সমাজের বিভিন্ন শ্রেণি ও বয়সের পাঠকের কাছে পৌঁছে গেছে।

তাঁর সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু, মিসির আলী ও শুভ্র বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। হলুদ পাঞ্জাবি পরা হিমু প্রচলিত সামাজিক নিয়ম ও জীবনের হিসাব-নিকাশের বাইরে এক স্বতন্ত্র জীবনদর্শনের প্রতীক। অন্যদিকে মিসির আলী যুক্তি, পর্যবেক্ষণ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে মানুষের রহস্যময় আচরণের ব্যাখ্যা খোঁজেন। আর শুভ্রর মধ্যে রয়েছে সংবেদনশীলতা, মানবিকতা ও ভিন্ন এক জীবনবোধ। এই চরিত্রগুলোকে কেন্দ্র করে তিনি একাধিক উপন্যাস রচনা করেছেন। ফলে পাঠকের কাছে চরিত্রগুলো হয়ে উঠেছে পরিচিত ও আপনজনের মতো।

সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকেও অসামান্য জনপ্রিয়তা অর্জন করেন হুমায়ূন আহমেদ। আশির দশকে তাঁর নাট্যকার হিসেবে পরিচিতি ছড়িয়ে পড়ে। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো নাটক ও ধারাবাহিক তাঁকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। পরবর্তী সময়ে ‘আজ রবিবার’ নাটকটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। হাস্যরস, পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও মানবিক আবেগের মিশেলে তাঁর নাটকগুলো পেয়েছিল স্বতন্ত্র বৈশিষ্ট্য।

বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা হয়ে আছে। আসাদুজ্জামান নূরের অভিনয়ে চরিত্রটি দর্শকের কাছে এতটাই জীবন্ত হয়ে উঠেছিল যে নাটকের শেষ পর্বে বাকের ভাইয়ের ফাঁসির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকে। তাঁর মুক্তির দাবিতে ঢাকার রাজপথে মিছিল ও প্রতিবাদ হয়েছিল। দেয়ালে দেয়ালে পোস্টারও সাঁটানো হয়েছিল। একটি কাল্পনিক চরিত্রের পরিণতি নিয়ে দর্শকদের এমন আবেগ ও প্রতিবাদ সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

চলচ্চিত্র নির্মাণেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন তাঁর প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি বিভাগে স্বীকৃতি পায়। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘ঘেটুপুত্র কমলা’ নির্মাণ করেন। তাঁর চলচ্চিত্রে গল্পের নিজস্বতা, সংগীতের ব্যবহার এবং মানুষের সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি বিশেষভাবে লক্ষণীয়। ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল।

নাটক ও চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। তাঁর লেখা ‘একটা ছিল সোনার কন্যা’ ও ‘আমার ভাঙা ঘরে’ গান দুটি শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। লোকজ সুর ও আবহের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণে তাঁর গানগুলোও পেয়েছে আলাদা পরিচিতি।

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন হুমায়ূন আহমেদ। চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনার জন্যও পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশ এবং নতুন পাঠক তৈরিতে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। অমর একুশে বইমেলায় তাঁর নতুন বই প্রকাশকে কেন্দ্র করে পাঠকের মধ্যে তৈরি হতো ব্যাপক আগ্রহ। প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে কিংবা একনজর দেখতে পাঠকের দীর্ঘ অপেক্ষার দৃশ্য ছিল বইমেলার পরিচিত চিত্র।

২০১১ সালে তাঁর শরীরে মলাশয়ের ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য ওই বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয় তাঁকে। দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পর ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গাজীপুরের পিরুজালীতে নিজের গড়ে তোলা নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা হয়।

জন্মদিনে নুহাশপল্লীতে নানা আয়োজন: হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের পিরুজালীতে তাঁর হাতে গড়া নুহাশপল্লীতে নানা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সেখানকার লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হয়। শুক্রবার সকালে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ভক্ত, কবি, সাহিত্যিক ও নাট্যাঙ্গনের মানুষেরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, অসুস্থতার কারণে এবার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি হুমায়ূন আহমেদের দুই ছেলে নিনিত ও নিষাদ। বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
জন্মদিনের এই আয়োজনে ভক্তদের উপস্থিতি আবারো প্রমাণ করে, হুমায়ূন আহমেদ কেবল একজন জনপ্রিয় লেখক নন, বাংলা ভাষার পাঠকসমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর সৃষ্ট চরিত্র, উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও গান সময়ের ব্যবধান অতিক্রম করে এখনো মানুষের আবেগ ও ভালোবাসার অংশ হয়ে আছে। নতুন প্রজন্মের পাঠকেরাও তাঁর বইয়ের পাতায় খুঁজে নিচ্ছেন নিজেদের চেনা জীবন, অচেনা অনুভূতি ও কল্পনার এক বিস্তৃত জগৎ। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্টি ও জনপ্রিয়তার এই স্বতন্ত্র অধ্যায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সানা/আপ্র/১৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তন্দ্রা হারা ঢেউ ও নীল বেদনা
০৬ নভেম্বর ২০২৬

তন্দ্রা হারা ঢেউ ও নীল বেদনা

মোহাম্মদ আলীম-আল-রাজী  যখন তোমার খুব খারাপ লাগবে ভারী,সমুদ্রের কাছে তুমি যেও নদী পাড়ি।কান...

কাকে আর কী বলবো!
০৬ নভেম্বর ২০২৬

কাকে আর কী বলবো!

কবিতা===

জোনাথন সুইফটের গালিভারস ট্রাভেলস মানব চরিত্রের এক নির্মম ব্যবচ্ছেদ
৩০ অক্টোবর ২০২৬

জোনাথন সুইফটের গালিভারস ট্রাভেলস মানব চরিত্রের এক নির্মম ব্যবচ্ছেদ

বিখ্যাত ব্যঙ্গ রচনা ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্তি উপলক্ষে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে