গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেনু

মোদী সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা, বিক্ষোভ অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৩০ এএম ২০২৬
মোদী সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা, বিক্ষোভ অব্যাহত থাকবে
ছবি

চলমান আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আন্দোলনকারীরা -ছবি রয়টার্স

ভারতের জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আন্দোলনকারীরা। তবে আলোচনা শুরু হলেও দেশজুড়ে চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনের নেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক ২৬ দিনের অনশন ভাঙার পর সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সরকারের মন্ত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) একটি নিরপেক্ষ স্থানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। তিনি বলেন, সরকার খোলা মনে আলোচনায় বসবে এবং আন্দোলনরত তরুণদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা পিছিয়ে আসছি না। প্রকৃত পরিবর্তন তৃণমূল থেকেই শুরু হয়। তাই আলোচনা চললেও আন্দোলন অব্যাহত থাকবে।’

প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী নয়াদিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে হাজারো শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভ করে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এটি তাঁর সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যুব আন্দোলনে পরিণত হয়েছে।

প্রধান বিরোধী দলগুলোও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহে শুরু হওয়া ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণার মাধ্যমে অল্প কয়েকজন তরুণের অংশগ্রহণে আন্দোলনের সূচনা হলেও পরে লাখো তরুণের সমর্থনে এটি দেশব্যাপী বৃহৎ আন্দোলনে রূপ নেয়।

সোমবার সংসদ ভবনের দিকে পদযাত্রা করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পরে বুধবার রাতে মধ্য দিল্লির যন্তর মন্তরে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী সমবেত হলে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের পেছনে শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, দীর্ঘদিনের বেকারত্ব, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষা ব্যবস্থার প্রতি তরুণদের আস্থাহীনতাও বড় ভূমিকা রেখেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মধ্য দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, মোবাইল ইন্টারনেট সেবা এবং কিছু ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল থেকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরও ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেয় দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার রাজধানীর গুরুত্বপূর্ণ এই গণপরিবহন ব্যবস্থা আংশিকভাবে বন্ধ রাখা হলো।

এদিকে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে বিদ্যমান আইন সংশোধনের লক্ষ্যে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একটি খসড়া বিল উপস্থাপন করা হবে। পরে তা দ্রুত সংসদে পাস করার উদ্যোগ নেওয়া হবে।

তবে আন্দোলনকারীরা সরকারের এ উদ্যোগকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, শুধু আইন সংশোধন নয়, প্রশ্নপত্র ফাঁস স্থায়ীভাবে বন্ধ করতে পুরো পরীক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এদিকে সোনাম ওয়াংচুক বৃহস্পতিবার রাতে অনশন ভাঙার সময় উপস্থিত দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে শুক্রবার বিস্তারিত জানাবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক
২৪ জুলাই ২০২৬

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা, মধ্যরাতের ভিডিওতে শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন মোদী
২৪ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা, মধ্যরাতের ভিডিওতে শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন...

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে আরও কঠোর...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
২৩ জুলাই ২০২৬

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

মোদির প্রতিশ্রুতিকে ভণ্ডামি আখ্যা

যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন
২৩ জুলাই ২০২৬

যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন

চীনে রেকর্ড সংখ্যক স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী এমন এক সময়ে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে যখন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে