গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে প্রবেশ ঠেকানো কঠিন: অফকম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৪৯ এএম ২০২৬
১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে প্রবেশ ঠেকানো কঠিন: অফকম
ছবি

অফকম বলেছে, কিছু অনূর্ধ্ব-১৬ বয়সিরা এ নিয়ম এড়িয়ে যাবে, যা এক প্রকার অনিবার্য - ছবি ম্যাগনিফিক

বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করা হলে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা সহজ হবে। তবে কিছু শিশু এই নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম।

বিভিন্ন প্রযুক্তি কোম্পানি কীভাবে আসক্তিকর অ্যাপের পাশাপাশি প্রাপ্তবয়স্ক ও ক্ষতিকর উপাদানের ব্যবহার সীমিত করতে পারে, সে বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক মূল্যায়ন প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ বছর কি না, তা যাচাইয়ের জন্য চারটি পদ্ধতিকে কার্যকর বলে চিহ্নিত করেছে অফকম। এগুলো হলো- ছবিসহ পরিচয়পত্র যাচাই, ব্যাংকিং তথ্য যাচাই, ডিজিটাল পরিচয়পত্র এবং মুখের অবয়ব বিশ্লেষণ করে বয়স নির্ধারণের প্রযুক্তি।

তবে এসব পদ্ধতি ব্যবহার করলেও নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব নয় বলে স্বীকার করেছে সংস্থাটি।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মেয়াদের শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের প্রস্তাব নীতিগতভাবে সামনে আনা হয়েছিল। সেই পরিকল্পনা বাস্তবায়নে এগোতে চান বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে নতুন নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হতে পারে। এ লক্ষ্যে চলতি বছরের শেষ দিকে মন্ত্রীরা নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক আইন প্রণয়ন করবেন।

গত বছর অস্ট্রেলিয়ায় একই ধরনের একটি নীতি কার্যকর করা হয়েছে।

অফকম বলেছে, কিছু অনূর্ধ্ব-১৬ বয়সী শিশু নিষেধাজ্ঞা এড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবে- এটি একপ্রকার অনিবার্য। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত ও প্রতিবেদন করার প্রক্রিয়া সহজ করলে এবং অনলাইনে ব্যবহারের ধরন বিশ্লেষণ করে বয়স নির্ধারণের প্রযুক্তি চালু করলে এ ঝুঁকি কমানো সম্ভব।

মুখের অবয়ব বিশ্লেষণ করে বয়স নির্ধারণের প্রযুক্তিতে কয়েক বছরের ব্যবধানসহ ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কিছু ব্যবহারকারীকে দ্বিতীয় দফায় নতুন করে বয়স যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

এ ছাড়া ১৬ ও ১৭ বছর বয়সী প্রায় দেড় লাখ তরুণের ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নেই বলে ধারণা করা হচ্ছে। ফলে বয়স প্রমাণের ক্ষেত্রে তাঁদের বিকল্প ব্যবস্থা প্রয়োজন হতে পারে। অনূর্ধ্ব-১৬ বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনায় বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অফকমের প্রধান নির্বাহী ডেম মেলানি ডজ বলেন, “এই নিষেধাজ্ঞা শিশুদের অনলাইনে ভবিষ্যতের রূপরেখা ঠিক করে দেবে। ফলে এটা সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি।

“সামাজিক মাধ্যম কোম্পানিগুলো সঠিকভাবে কার্যকর বয়স যাচাই প্রক্রিয়া অনুসরণ করলে এ পদক্ষেপ সফল হতে পারে। আমরা সেসব উপায়ই চিহ্নিত করেছি।

“মদ পানের ক্ষেত্রে যেমন আইন থাকার পরও অপ্রাপ্তবয়স্কদের অ্যালকোহল সেবনের প্রবণতা পুরোপুরি ঠেকানো যায় না, তেমনই শিশুরা এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক।

“তবে প্ল্যাটফর্মগুলোর জন্য এ ঝুঁকি কমিয়ে আনার বিভিন্ন উপায়ও খোলা রয়েছে।”

সংস্থাটি আরো জানিয়েছে, সরকারের পরিকল্পনা পার্লামেন্টে উত্থাপনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর জন্য একটি খসড়া নির্দেশিকা তৈরি করা হবে। পরে সেটি জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হবে।
সানা/আপ্র/৩১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চীনে শিশুদের ছাড়িয়ে গেল প্রবীণদের নির্ভরতার হার
৩০ অক্টোবর ২০২৬

চীনে শিশুদের ছাড়িয়ে গেল প্রবীণদের নির্ভরতার হার

চীনে কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর শিশুদের তুলনায় প্রবীণদের ভরণপোষণের চাপ বেড়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের...

ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প
৩০ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা
৩০ অক্টোবর ২০২৬

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচ...

ইসরায়েলের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন...

পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি
৩০ অক্টোবর ২০২৬

পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই