গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

জাপান সফরে তৃতীয় দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩২ এএম ২০২৬
জাপান সফরে তৃতীয় দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির
ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের বিশেষ অর্থনৈতিক অংশীদারত্বের কাঠামো ‘বিগ-বি’ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ আলোচনায় ভারত, নেপাল, ভুটানসহ কোনো তৃতীয় দেশ কিংবা বঙ্গোপসাগর ও সমুদ্রপথের প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিগ-বির আওতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে দুই সরকারপ্রধানের যৌথ বিবৃতির কপি দেখিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে তৃতীয় কোনো দেশের কথা নেই, বঙ্গোপসাগরের কথাও নেই।

তিনি বলেন, অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা করতে হলে সেই দেশের প্রতিনিধিদেরও আলোচনায় থাকতে হবে। এ ধরনের কোনো আলোচনা হয়নি। যৌথ বিবৃতিতে জাপান ও বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অংশীদারত্বের অংশ হিসেবে বিগ-বি নিয়ে আলোচনার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

জাপানের সঙ্গে আলোচনায় বিগ-বির বিষয়টি দ্বিপক্ষীয় পরিসরে রাখার অবস্থান স্পষ্ট করা হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, “জাপান সরকারের সঙ্গে আমাদের আলোচনায় আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই আমরা টোকিওতে এসেছি।”

জাপানের অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপদ সমুদ্রপথ তৈরিতে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “শুধু দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য জাপান সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; বঙ্গোপসাগর কিংবা সমুদ্রপথ নিয়ে আলোচনার জন্য নয়। এগুলো আলোচনা করতে হলে অন্যান্য অংশীদারকেও আলোচনার টেবিলে থাকতে হবে।”

তিনি বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদারত্ব থাকলেও এটি শুধু বাংলাদেশের একার নয়। তাই এ বিষয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করতে হবে। জাপান সফরে দুই দেশের বিশেষ অংশীদারত্ব নিয়েই আলোচনা হয়েছে, যার প্রতিফলন যৌথ বিবৃতিতে রয়েছে।

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হওয়ায় তারেক রহমানের সরকারের জনগণের স্বার্থের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার সব কাজ স্বচ্ছতার সঙ্গে করবে। বেশি সংবেদনশীল বিষয় হলে সংসদেও আলোচনা করা হবে। অতীতের মতো কোনো কিছু আড়ালে রাখার সুযোগ এবার থাকবে না।

জাপান সফরের যৌথ বিবৃতি অনেক দরকষাকষির ভিত্তিতে তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দেশের সঙ্গে করা চুক্তি ও বিবৃতির সঙ্গে বাংলাদেশের যৌথ বিবৃতি তুলনা করলেই বর্তমান সরকারের দেশপ্রেম ও জনস্বার্থের প্রতি অঙ্গীকার বোঝা যাবে। দেশের মানুষ ও মাটিকে ঠকিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। জাপান সরকারও বাংলাদেশের এ অবস্থানকে শ্রদ্ধা করে।

আগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছর বাংলাদেশ স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকারের অধীনে ছিল। ওই সময় দেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে এখন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে আকর্ষণ তৈরি হয়েছে।

বিগ-বির মাধ্যমে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলে তা নিয়ে আলোচনার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমিরের এ বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী দেশের বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল। তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ ও যোগাযোগ প্রত্যাশা করে সরকার।

রোহিঙ্গা সংকট নিরসনে জাপানের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি জানান, ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান জাপান সরকারের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূতের দায়িত্বেও রয়েছেন। রোহিঙ্গা সংকটে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে এবং এ ক্ষেত্রে তাদের পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু ভূমিকা রাখবে।

জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অর্থ ব্যাখ্যা করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ অতীতে সহজ শর্তের ঋণ ও অনুদানের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই নির্ভরতা কাটিয়ে বিনিয়োগ অংশীদার হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। যেকোনো দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য হবে প্রকৃত পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তিতে। এ সম্পর্ক হবে মর্যাদাপূর্ণ, যেখানে কোনো পক্ষ অন্য পক্ষের ওপর নির্ভরশীল বা গৌণ থাকবে না।

এক ট্রিলিয়ন ইয়েন সমপরিমাণ বিনিয়োগ পরিকল্পনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশে আন্তমন্ত্রণালয় বৈঠক হবে। পাশাপাশি জাপান থেকে একটি অর্থনৈতিক মিশন শিগগির বাংলাদেশ সফরে আসবে।

জাপানি অর্থায়নের সুদের হার নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ছয় বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি বেসরকারি খাতের। আলোচনা করে বাংলাদেশের প্রয়োজন, সুদের হার, অর্থায়নের ব্যয় ও অন্যান্য শর্ত বিবেচনায় নিয়ে বিনিয়োগ গ্রহণ করা হবে। জাতীয় স্বার্থ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অর্থায়নের অন্যান্য বিকল্পের সঙ্গে প্রতিযোগিতামূলক হওয়ার বিষয়গুলো বিবেচনায় রাখা হবে।

তিনি বলেন, ছয় বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি থাকলেও আলোচনার ভিত্তিতে সরকার সেখান থেকে প্রয়োজনীয় বিনিয়োগ বেছে নেবে। এ ক্ষেত্রে বাছাই করার সুযোগ রয়েছে।

জাপানের সম্রাটের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না হওয়ার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সম্রাট রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এ ধরনের প্রশ্ন করার আগে জাপানের রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া ভালো।
সানা/আপ্র/৩০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন প্রক্রিয়া শুরু
৩০ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন প্রক্রিয়া শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া...

তাহসিফের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ধাওয়ার তথ্য মানছেন না বাবা
৩০ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ধাওয়ার তথ্য মানছেন না বাবা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি...

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত কমিটি গঠন
৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায়...

এলডিসি উত্তরণে তিন বছর সময়, অর্থনীতি সংস্কারের বড় পরীক্ষা
৩০ অক্টোবর ২০২৬

এলডিসি উত্তরণে তিন বছর সময়, অর্থনীতি সংস্কারের বড় পরীক্ষা

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরো তিন বছর পিছিয়েছে জাতিসংঘ। ২০২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই